ঘানায় ভাইস প্রেসিডেন্ট জন দ্রামানি মাহামা দেশটির নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট জন আতা মিলসের (৬৮) আকস্মিক মৃত্যু ঘটে। তাঁর এই মৃত্যুতে দেশজুড়ে সপ্তাহব্যাপী জাতীয় শোক পালন করা হচ্ছে। দেশটিতে আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার কথা ছিল। নতুন প্রেসিডেন্ট দ্রামানি প্রয়াত প্রেসিডেন্ট স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে জাতীয় শোক ঘোষণা করেন। মিলসের মৃত্যুর কারণ জানানো হয়নি। তিনি নিয়মিত চিকিৎসার জন্য সম্প্রতি সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তাঁর গলায় ক্যানসার ছিল বলে অসমর্থিত একটি সূত্র জানিয়েছে। রাজনীতিতে যোগদানের আগে তিনি আইনের অধ্যাপক ছিলেন। মিলস স্মরণে ঘানার বিভিন্ন গণমাধ্যমসহ সংবাদপত্রগুলো গতকাল বিশেষ আয়োজন করে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্বনেতারা মিলসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মিলসের মৃত্যুর পর তাঁর দলের পক্ষে মাহামাই আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হবেন বলে ধারণা করা হচ্ছে। তবে দলের অভ্যন্তরে সম্প্রতি বিভক্তি তৈরি হয়েছিল বলে নতুন নেতৃত্বের বিষয়টি এখনো অনিশ্চিত। এএফপি।