ঘাসান সিরিয়ার বিদ্রোহী জোটের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত
সিরিয়ার সরকারবিরোধী প্রধান জোট ন্যাশনাল কাউন্সিল গতকাল মঙ্গলবার দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘাসান হিত্তোকে বেছে নিয়েছে। হিত্তো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানের সাবেক নির্বাহী এবং সিরিয়ার ইসলামপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে তাঁর সম্পৃক্ততাও রয়েছে।তুরস্কের ইস্তাম্বুল শহরে প্রায় ১৪ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে জোটের সদস্যদের আলোচনার পর হিত্তোকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে মোকাবিলায় তিনি কাজ করবেন।ইস্তাম্বুলের একটি হোটেলের সম্মেলন কক্ষে সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য জোটের প্রায় ৭০ জন সদস্যের বেশির ভাগই উপস্থিত ছিলেন। তবে কয়েকজন সদস্য ভোটাভুটির আগেই আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করে নেন। পরে ভোটাভুটি হয়। ৪৯টি ভোটের মধ্যে হিত্তোর পক্ষে পড়ে ৩৫টি। এর কিছুক্ষণ পর হিত্তো সম্মেলন কক্ষে ঢোকেন। এ সময় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় হিত্তোকে উপস্থিত সবাই অভিবাদন জানান। সিরিয়ার প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর হিত্তো সাংবাদিকদের বলেন, ‘আমরা সিরিয়ার জনগণকে বলতে চাই, আমরা আপনাদের পাশে আছি। আর সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা বাশার সরকারের বিরুদ্ধে জয়ী হয়েছি।’ তিনি আরও বলেন, ‘শিগগিরই আমরা সরকারের কর্মসূচি ঘোষণা করব।’ন্যাশনাল কাউন্সিলের সদস্যরা জানান, প্রধানমন্ত্রী হিসেবে হিত্তোর সর্বপ্রথম কাজ হবে অন্তর্বর্তী সরকার গঠন করা। এরপর তিনি জোটের সাধারণ পরিষদে ভোটাভুটির আয়োজন করবেন।প্রধানমন্ত্রী হিত্তোর পরিকল্পনার মধ্যে রয়েছে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোতে অন্তর্বর্তী সরকারের দপ্তর প্রতিষ্ঠা করা। ইস্তাম্বুলে বিরোধী জোটের সদস্যরা আশা করছেন, এই ভোটাভুটি সিরিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ ও মানবিক ত্রাণ সহায়তার কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে।বিরোধী জোটের কয়েকজন সদস্য বলেন, হিত্তো সিরিয়ার ইসলামপন্থী ও উদারপন্থী—দুই অংশকেই সন্তুষ্ট করতে পারবেন। তবে কয়েকজন সদস্য ভোটের আগেই আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় জোটের মধ্যে বিভেদ দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।জোটের সদস্য কামাল লাবওয়ানি বলেন, ‘মিসরে যা ঘটেছে, সিরিয়ায় সেটা ঘটুক—আমরা তা চাই না। কারণ, মিসরে বিপ্লব ছিনতাই করা হয়েছে।’ তবে মুসলিম ব্রাদারহুডের নেতা ফারুক তাইফুর এই অভিযোগ নাকচ করে দিয়েছেন।উচ্চতর প্রযুক্তি ও টেলিকমিউনিকেশন খাতে ঘাসান হিত্তোর দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে তিনি ১৬ বছর একটি প্রতিষ্ঠানে নির্বাহী ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন। সে সময় তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বসবাস করতেন।রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ: বাশার সরকার গতকাল অভিযোগ করেছে, বিদ্রোহীরা রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে। আলেপ্পো প্রদেশে ‘সন্ত্রাসীরা’ রকেটে করে রাসায়নিক অস্ত্র ছুড়ে মারছে। এতে অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে। এএফপি।