ঘুমে স্মৃতি বেশি স্থায়ী হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য মুখস্থ কোনো কবিতা, তাস খেলার কৌশল বা কোনো জটিল অঙ্ক দ্রুত ভুলে না যাওয়ার একটি সহজ উপায় খুঁজে পাওয়া গেছে বলে জার্মানির একদল গবেষক দাবি করেছেন। তাঁরা বলেছেন, জাগ্রত মানুষের চেয়ে ঘুমন্ত মানুষের মস্তিষ্ক স্থায়ীভাবে স্মৃতি সংরক্ষণ করতে বেশি সক্ষম। তাঁরা বলেছেন, জাগ্রত অবস্থায় দৃশ্যমান ঘটনা মস্তিষ্ককে সদ্য মুখস্থ বিষয়কে জোরালোভাবে ধরে রাখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। কিন্তু একটু ঘুম দিয়ে নিলে খুব সহজভাবে স্থায়ীভাবে বিষয়গুলো মুখস্থ হয়ে যায়।এর আগে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, যে দৃশ্যগুলো আমরা দেখি বা যা মুখস্থ করি, তা তাৎক্ষণিকভাবে আমাদের মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাস নামের একটি অংশে অস্থায়ীভাবে জমা হয়। পরে সেখান থেকে স্থায়ী অংশ বা ‘হার্ড ড্রাইভে’ জমা হয়। স্থায়ী ওই অংশের নাম নিওকর্টেক্স।জার্মানির লিউবেক বিশ্ববিদ্যালয়ের গবেষক জর্ন র‌্যাশ ও তাঁর তিন সহযোগী মোট ২৪ জন স্বেচ্ছাসেবী নিয়ে সর্বশেষ পরীক্ষাটি করেন। ১২ জন করে মোট দুটি দলে তাঁদের ভাগ করে নেওয়া হয়।গাছ ও পশু-পাখির ছবিসংবলিত একই ধরনের ১৫ জোড়া কার্ড দুই দলের সামনে ধরে সেগুলো তাঁদের মুখস্থ করতে দেওয়া হয়। এ সময় তাঁদের মধ্যে হালকা দুর্গন্ধ ছড়িয়ে দেওয়া হয়। মুখস্থ হওয়ার পর একদলকে ঘুমাতে পাঠানো হয়। এরপর জেগে থাকা দলকে নতুন কিছু কার্ড দেখতে দেওয়া হয়। এ সময় আবার তাঁদের মধ্যে একই ধরনের দুর্গন্ধ ছড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে ঘুমন্ত দলের নাকের কাছেও একই ধরনের দুর্গন্ধ ছড়ানো হয়। ৪০ মিনিট পর উভয় দলকে প্রথমবার মুখস্থ করা চিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। দেখা যায়, যারা জেগে ছিল, তারা প্রথমবার মুখস্থ করা বিষয়ের ৬০ শতাংশ মনে রাখতে পেরেছে। আর ঘুমিয়ে নেওয়া দল ৮৫ শতাংশ মনে রাখতে পেরেছে।গবেষকেরা বলেছেন, মুখস্থ বিষয়গুলো হিপ্পোক্যাম্পাস থেকে নিওকর্টেক্সে স্থানান্তরিত হতে কিছুটা সময় লাগে। ঘুমিয়ে থাকলে স্থানান্তর-প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় না। জেগে থাকলে দৃশ্যমান ঘটনাবলি এ প্রক্রিয়াকে বাধা দেয় বলে মুখস্থ অনেক কিছুই আবার ভুলে যেতে হয়। এএফপি।