ঘুমের ঘোরে কোটি কোটি ইউরো স্থানান্তর
জার্মানির একটি ব্যাংকে কর্মরত এক কেরানি ক্লান্ত হয়ে কম্পিউটারের কিবোর্ডের ওপর ঘুমিয়ে পড়েন। ৬৪ দশমিক ২০ ইউরো স্থানান্তরের কাজ করছিলেন তিনি। কিন্তু ঘুমের ঘোরে কিবোর্ডে চাপ পড়ে ‘২২২,২২২,২২২.২২’ ইউরো স্থানান্তর হয়ে যায়। ঊর্ধ্বতন কর্মকর্তাও এই লেনদেন অনুমোদন করেন। এতে ওই কর্মকর্তার চাকরি চলে যায়।
গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়, গত বছরের এপ্রিলে সংশ্লিষ্ট কেরানির ভুলের জেরে তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তার চাকরি যায়। পরে বিষয়টি আদালতে গড়ায়।
গত সোমবার আদালতের রায়ে বলা হয়, ঘুমিয়ে পড়া কেরানির ভুলে ঊর্ধ্বতন তত্ত্বাবধায়ককে চাকরিচ্যুত করা হয়েছে। এটা অন্যায় পদক্ষেপ। তাই ওই তত্ত্বাবধায়ককে তাঁর চাকরিতে বহাল রাখার নির্দেশ দেন আদালত।
আদালতে ওই তত্ত্বাবধায়ক বলেন, ঘুমের ঘোরে কেরানির ভুলের বিষয়টি তিনি লক্ষ করেননি। তাই সংশ্লিষ্ট লেনদেনটি অনুমোদন করেন তিনি। পরে অপর এক সহকর্মীর চোখে ভুলটি ধরা পড়ে এবং তা সংশোধন করা হয়।