ঘুমের মধ্যে এবার শেখার পালা
শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মাঝে মাঝে তন্দ্রাচ্ছন্ন কিংবা ঘুমে ঢুলু ঢুলু হওয়া অস্বাভাবিক নয়। তখন তারা শ্রেণীকক্ষের পেছনের আসনকেই নিরাপদ মনে করে। আর এতে শিক্ষকের মূল্যবান পাঠদান থেকে সে অনেক সময়ই বঞ্চিত হয়।এমন শিক্ষার্থীদের জন্য একটি সুখবর দিয়েছেন ইসরায়েলের ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের একদল বিজ্ঞানী। তাঁদের দাবি, ঝিমিয়ে ঝিমিয়ে কিংবা ঘুমের মধ্যেও নতুন নতুন সব বিষয় শেখা সম্ভব। তাঁদের গবেষণাটি বিজ্ঞান সাময়িকী নেচার নিউরোসায়েন্সে প্রকাশিত হয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা দ্য ইনডিপেন্ডেন্ট-এর অনলাইন সংস্করণের এক খবরে এ কথা জানানো হয়। গবেষণাটির পরিচালক আনাত আরজি বলেন, সাধারণত ঘুমন্ত অবস্থায়ও মানুষের মস্তিষ্ক কাজ করতে পারে। যেমন—কোনো তথ্য সম্পর্কে আগের ধারণা আরও পোক্ত এবং দৃঢ়ও হতে পারে। তবে ঘুমন্ত মস্তিষ্ক নতুন কোনো কিছু ধারণ করতে পারে না—এমনটিই সাধারণ ধারণা ছিল। তবে নতুন গবেষণায় দেখা গেছে, ঘুমন্ত অবস্থায়ও মস্তিষ্ক নতুন নতুন বিষয় ধারণ করতে পারে। তিনি বলেন, ঘুমন্ত ব্যক্তিও অনেক কিছু জানতে ও বুঝতে পারে। ৫৫ জন স্বাস্থ্যবান ব্যক্তির ওপর পরিচালিত গবেষণায় দেখা দেখা গেছে, গভীর ঘুমে মগ্ন লোকেরা কোনো শব্দ শুনলে বা কোনো কিছুর ঘ্রাণ পেলে যেভাবে প্রতিক্রিয়া দেখান, পরের দিন সজাগ অবস্থায়ও একই ধরনের প্রতিক্রিয়া দেখান। ওই গবেষণায় মূলত ঘুম থেকে না জেগেও নির্দিষ্ট শব্দ বা সুর ও গন্ধ নিরূপণে মানুষের মস্তিষ্ক কাজ করে কি না, সেটা দেখা হয়। গবেষকেরা ঘুমন্ত ব্যক্তিদের নাকের ছিদ্রের নড়াচড়া পর্যবেক্ষণ করেন। তাঁরা দেখলেন, সুগন্ধযুক্ত শ্যাম্পুর সৌরভ বাতাসে ছড়িয়ে পড়লে ঘুমন্ত লোকেরা লম্বা লম্বা শ্বাস নিচ্ছেন। অন্যদিকে, পচা মাছের দুর্গন্ধ ছড়িয়ে দেওয়া হলে তাৎক্ষণিকভাবে তাঁদের শ্বাস গ্রহণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। রাত গভীর হতে থাকলে এবার ঘুমন্ত ব্যক্তিদের ওপর নির্দিষ্ট শব্দ বা সুর বাজানো হলো। দেখা গেল, ভালো কোনো শব্দ বা সুর বাজালে ঘুমন্ত লোকেরা আরাম করে দীর্ঘশ্বাস নিতে শুরু করেন। ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের এক মুখপাত্র বলেন, পরের দিন ওই ব্যক্তিদের সজাগ অবস্থায় আগের শব্দ বা সুর শোনানো হলো। রাতে ঘুমন্ত অবস্থায় তাঁরা সজ্ঞানে ওই শব্দ শোনেননি। তার পরও তাঁদের শ্বাস-প্রশ্বাসের ধরনে ব্যতিক্রম অবস্থা লক্ষ করা যায়। তিনি বলেন, সুগন্ধের সঙ্গে শব্দ বা সুর বাজানো হলে স্বয়ংক্রিয়ভাবে তাঁদের নাসারন্ধ্র দিয়ে শ্বাস-প্রশ্বাস বেড়ে যায়। আর দুর্গন্ধের সঙ্গে সুর বাজানো হলে বিপরীত অবস্থা দেখা যায়। টাইমস অব ইন্ডিয়া।