ঘুরে দাঁড়ানোর ব্যাপক সক্ষমতা দেখিয়েছেন নেলসন ম্যান্ডেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থা মাঝেমধ্যে ‘অস্থিতিশীল’ হয়ে পড়ে। তবে তিনি আবার আগের অবস্থায় ফিরে আসার ব্যাপক সক্ষমতা দেখিয়েছেন।
গতকাল শনিবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার কার্যালয়ের মুখপাত্র ম্যাক মহারাজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
এক বিবৃতিতে প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, ম্যান্ডেলার শারীরিক অবস্থা মাঝেমধ্যে অস্থিতিশীল হলেও চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি ব্যাপক প্রতিরোধ ক্ষমতা দেখিয়েছেন। আর চিকিৎসকদের পরিচর্যার কারণে তাঁর অবস্থা স্থিতিশীল থাকছে।
বিবৃতিতে মুখপাত্র আরও জানান, ম্যান্ডেলাকে সুস্থতার পথে ফেরানোর জন্য চিকিৎসকেরা এখনো কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
মুখপাত্র ম্যাক মহারাজ বার্তা সংস্থাকে বলেন, কিছু কিছু সময় তাঁর অবস্থা খারাপ গেছে। ম্যান্ডেলা কখনো কখনো চিকিৎসায় সাড়া দিয়েছেন। তবে সব সময় তা স্থিতিশীল ছিল না। তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল।
ম্যান্ডেলা গত ৮ জুন ফুসফুসের সংক্রমণের জন্য প্রিটোরিয়ার একটি হাসপাতালে ভর্তি হন। এখন পর্যন্ত তিনি সেখানেই আছেন। এএফপি।