ঘুরে দাঁড়াচ্ছে ইউরোপের প্রচলিত বই-দোকানগুলো
ইন্টারনেটে বই বিক্রির প্রতিযোগিতার সঙ্গে নিজেদের টিকিয়ে রাখতে ইউরোপের প্রচলিত বইয়ের দোকানগুলো জোরালো অবস্থান নিয়েছে। বিশেষ করে আধুনিক প্রযুক্তিজ্ঞানসম্পন্ন স্বতন্ত্র বইয়ের দোকানিদের তৎপরতা এ ক্ষেত্রে কাজে আসছে। তবে এখনো তাঁরা এ ক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখোমুখি।
ফরাসি বইয়ের দোকানগুলোর জাতীয় ট্রেড ইউনিয়নের সভাপতি ম্যাথিউ ডি মঁশালিন বলেন, অনুসন্ধানের ফল সবখানে একই। অবস্থা বেশ কঠিন।
সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ইউরোপের বইয়ের বাজারের ওপর এক অনুষ্ঠানে অংশগ্রহণের পর ম্যাথিউ বলেন, ইউরোপে জার্মানির পাশাপাশি একমাত্র ফ্রান্স প্রচলিত মুদ্রিত বইয়ের বাজারের ধস ঠেকাতে সফল হয়েছে। এ ক্ষেত্রে চেইন স্টোরগুলোর চেয়ে ভালো করছে স্বতন্ত্র বইয়ের দোকান। তাদের বিক্রি না বাড়লেও স্থিতিশীল রয়েছে।
ইউরোপে প্রচলিত বইয়ের কাটতি কমেই চলছে। তবে বর্তমানে আগের তুলনায় ইন্টারনেটে বই বিক্রির পরিমাণ মন্থরগতিতে বাড়ছে।
ফ্রান্সে বইয়ের দোকানের সংখ্যা কমছে না। অন্যদিকে, জার্মানিতে গত বছরের তুলনায় এ এ বছর দোকানে বই বিক্রি বেড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ।
বইয়ের দোকানগুলোর সহায়তায় সম্প্রতি নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ মাসের শুরুতে ইন্টারনেট সেবাদানকারী সংস্থাগুলোর একচেটিয়া ‘দৌরাত্ম্য’ কমাতে ফরাসি আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে একটি বিল অনুমোদন করেন। আবার ফ্রান্সের প্রায় ১০০টি আঞ্চলিক স্বতন্ত্র বইয়ের দোকান একটি সাইট খুলেছে। এএফপি।