ঘুরে দাঁড়াতে পারেনি জাপানের অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব অর্থনীতি আলোর মুখ দেখতে শুরু করলেও জাপানের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। গত বছরের শেষ তিন মাসেও দেশটির অর্থনীতি মন্দাভাব কাটিয়ে উঠতে পারেনি। এই সময়ে দেশ ও দেশের বাইরে চাহিদা কমে যাওয়ায় শূন্য দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি কমেছে।দেশটির প্রধান সরকারি মুখপাত্র ইয়োশিহিদে সুগা স্বীকার করেছেন, জাপানে অর্থনৈতিক মন্দা চলছে। তবে বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের কারণে তিনিও তাঁর দেশের অর্থনীতি নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘আমরা আশা করছি, আমাদের অর্থনীতিও ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে।’অনেক বিশ্লেষক ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২০১২ সালের শেষ ভাগে জাপানের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে। কেননা, ওই সময় বড় বড় মুদ্রার বিপরীতে জাপানি ইয়েনের মূল্যমান কমে যায়, পাশাপাশি রপ্তানিও বেড়ে যায়।লন্ডনের ক্যাপিটল ইকনোমিকসের অর্থনীতিবিদ জুলিয়ান জেসপ বলেন, ‘ভোক্তাদের আস্থা ফিরে আসতে শুরু করেছে। তা ছাড়া অন্যান্য জরিপ থেকে এটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বছরের শুরুতে জাপানে ব্যবসায়িক পরিবেশ জোরালোভাবেই ঘুরে দাঁড়াবে।’গত ডিসেম্বরে ক্ষমতা গ্রহণ করেন প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি অর্থনীতিতে গতিশীলতা ফিরিয়ে আনতে ব্যয় বাড়ানো ও উদ্দীপনামূলক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। দীর্ঘ মূল্যস্ফীতি কাটিয়ে উঠতে এবং মুদ্রার মূল্যপতন ঠেকাতে মুদ্রাস্ফীতি ২ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দেন। এত কিছুর পরও কেন্দ্রীয় ব্যাংক তাদের মুদ্রানীতি অপরিবর্তিত রেখেছে। গতকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী এক বৈঠক শেষে বিবৃতিতে ব্যাংক অব জাপান উল্লেখ করে, জাপানের অর্থনৈতিক মন্দা কেটে যাচ্ছে। সরকারি ব্যয়, আবাসন বিনিয়োগ ও বেসরকারি খরচ বাড়ছে। তবে তার পরও গত বছর দেশটির বিনিয়োগ ২ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়েছে এবং রপ্তানি হ্রাস পেয়েছে ৩ দশমিক ৭ শতাংশ।কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মাসাকি শিরাকাওয়া আগামী ১৯ মার্চ বিদায় নিচ্ছেন। প্রধানমন্ত্রীর মুদ্রানীতি বাস্তবায়ন করতে পারবেন এমন একজনকে নতুন গভর্নর বানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।গত বছরের উদ্বেগজনক পরিস্থিতির পরও অনেকে আশা করছেন, ব্যাপকভাবে সরকারি খরচ বেড়ে যাওয়ায় তা সাময়িকভাবে হলেও প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবে। চলতি সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, ভোক্তাদের আস্থা সূচক ২০০৭ সালের পর এবারই সবচেয়ে বেশি বেড়েছে।