ঘুরে দাঁড়ালেন গর্ডন ব্রাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী হিসেবে সম্ভবত গত সোমবারই ছিল গর্ডন ব্রাউনের সেরা দিন। ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দা আর নানা অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে দারুণভাবে সমালোচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী সোমবার তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে সেরা বক্তৃতা ও বিতর্কের জন্য ব্রিটেনব্যাপী হয়েছেন নতুনভাবে আলোচিত ও প্রশংসিত। ৬ মের পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে একটি সম্ভাব্য নির্বাচনী বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে একজন রাজনীতিক হিসেবে নিজের রাজনৈতিক কুশলতার সর্বোচ্চ পরিচয় রেখে তিনি ঘুরে দাঁড়িয়েছেন দারুণ প্রত্যয়ে। গর্ডন ব্রাউনের কট্টর সমালোচকও বলতে বাধ্য হয়েছেন, গত সোমবার লন্ডনে সিটিজেন ইউকে আয়োজিত এক নির্বাচনী বিতর্কে তাঁর মূল দুই প্রতিদ্বন্দ্বীর উপস্থিতিতে গর্ডন ব্রাউন যে বক্তৃতা দিয়েছেন তা হূদয়স্পর্শী এবং ব্রিটেনের ইতিহাসে কোনো রাজনীতিকের দেওয়া সেরা বক্তৃতা। ভাষাগত উৎকর্ষের দিক দিয়েও তাঁর এই বক্তৃতা ইতিহাসসেরা।গর্ডন ব্রাউন যখন সিটিজেন ইউকের এই বিতর্কানুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন, তখন তাঁর আবেগময়ী বক্তৃতা উপস্থিত শ্রোতাদের মন ছুঁয়ে গেছে। তার সবচেয়ে বড় প্রমাণ, ব্রাউন যখন বক্তৃতা দিচ্ছিলেন, তখন বেশ কয়েকবার তাঁকে থামতে হয়েছে কেবল শ্রোতাদের বিপুল হর্ষধ্বনি ও করতালির কারণে। শ্রোতারা বক্তৃতা শুনতে শুনতে বেশ কয়েকবার স্বতঃস্ফূর্তভাবে ব্রাউনকে দাঁড়িয়ে অভিনন্দিত করেন, যা অনন্য ও নজিরবিহীন।লন্ডনের ওয়েস্টমিনস্টারের কেন্দ্রীয় গির্জায় অনুষ্ঠিত এই নির্বাচনী বিতর্কে শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন প্রায় আড়াই হাজার ভোটার। এই বিতর্কে ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনের আগে দেশটির সবচেয়ে বড় সুশীল সমাজের সংগঠনের সামনে নির্বাচনী যুদ্ধের প্রধান তিন কুশীলব গর্ডন ব্রাউন, ডেভিড ক্যামেরন ও নিক ক্লেগ তাঁদের নিজ নিজ নীতি তুলে ধরার সুযোগ পান। তাঁরা সবাই শ্রোতাদের সামনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তাঁরা জানান, নির্বাচনে জিতে ব্রিটেন শাসনের সুযোগ পেলে তাঁরা কীভাবে বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নেবেন। এবারের নির্বাচনে ব্রিটিশ জনগণের কাছে সবচেয়ে আলোচিত ইস্যু হচ্ছে, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানে কর্মীদের জন্য ন্যূনতম বেতন কাঠামো স্থাপন, ঋণের ক্ষেত্রে নির্দিষ্ট সুদের হার নির্ধারণ, ভূমি ট্রাস্ট স্থাপনের মাধ্যমে জনগণের গৃহায়ণসুবিধা সম্প্রসারণ এবং অনেক দিন ধরে ব্রিটেনে বসবাসকারী অবৈধ অভিবাসীদের বৈধতা দানের ব্যাপারটির নিষ্পত্তি। এসব বিষয়ে নিজেদের অভিমত, দলের অবস্থান ব্যাখ্যাসহ শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তাঁরা।গর্ডন ব্রাউন তাঁর বক্তৃতায় উপস্থিত শ্রোতাদের উদ্দেশে বলেন, ‘যদি আপনারা সততার খোঁজ করেন, নীতির প্রশ্নে আপনারা অবিচল থাকেন, তবে কথা দিচ্ছি, আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন একজন সুহূদ হিসেবে।’ তিনি আরও বলেন, ‘সততা ও নীতির প্রশ্নে আপনাদের এই আন্দোলন ইতিহাসের অন্যান্য আদর্শিক আন্দোলনের মতোই মহান। এই আন্দোলন সমাজের অসমতার বিরুদ্ধে।’ আবেগময় কণ্ঠে ব্রাউন বলেন, ‘আদর্শিক এই আন্দোলন সমাজ থেকে সব অসমতা, অসুন্দর ও অবিচার দূর করবে।’গর্ডন ব্রাউনের প্রধান প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল দলের নেতা ডেভিড ক্যামেরন বলেন, নির্বাচনে জিতে সরকার গঠন করতে পারলে তাঁর সরকার হবে জনগণের সেবক; প্রভু নয়। অপর প্রতিদ্বন্দ্বী ক্লেগ অনেক দিন ধরে ব্রিটেনে বসবাসকারী অবৈধ অভিবাসীদের বৈধতা দানের যে উদ্যোগটির কথা তাঁর নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছেন, তার পক্ষে সিটিজেন ইউকে সংগঠনের একটা বড়সড় সমর্থনই পেয়েছেন। এই সমর্থন তাঁকে নির্বাচনের আগে অনেকটাই নির্ভার করেছে।ব্রিটেনের সুশীল সমাজের সবচেয়ে বড় এই সংগঠন সিটিজেন ইউকে নিজেদের প্রায় তিন লাখ সদস্যের মতামতের ভিত্তিতে একটি ইশতেহার তৈরি করেছে। এই ইশতেহারে ব্রিটেনের জন্য মঙ্গলজনক প্রায় সব ইস্যুই উঠে এসেছে। ইশতেহারটি নিয়েও এই বিতর্ক অনুষ্ঠানে ব্যাপক আলোচনা হয়েছে। প্রত্যেক নেতাই নিজ নিজ ইশতেহার নিয়ে যখন আলোচনা করেছেন, তখন সিটিজেন ইউকে মিলিয়ে নিয়েছে, কোন প্রতিদ্বন্দ্বীর ইশতেহার তাদের ইশতেহারের কাছাকাছি। আর সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে সাধারণ মানুষ মনে মনে অবশ্যই হিসাব কষে ফেলেছেন, কোন দলকে জেতালে তাঁদের সবচেয়ে লাভ।তবে সবকিছু ছাপিয়ে সিটিজেন ইউকের এই নির্বাচনী বিতর্কের নায়ক একজনই আর তিনি হলেন বর্তমান প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। নির্বাচনে জনমত জরিপে তৃতীয় স্থানে থাকা ব্রাউন আর লেবার পার্টি যখন নির্বাচনে একটি বড় ধরনের ভরাডুবির আশঙ্কা করছিলেন, ঠিক তখনই ব্রাউন তাঁর রাজনৈতিক কারিশমা দিয়ে নিজেও ঘুরে দাঁড়িয়েছেন, দলকেও দেখিয়েছেন সম্ভাবনার নতুন দিগন্ত। এপি।