ঘুষ দিয়ে তথ্য নেওয়ার চেষ্টা, যুক্তরাষ্ট্রে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩
যুক্তরাষ্ট্রের হাতে থাকা বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন রাজনীতিকের গোপন তথ্য ও ওই রাজনীতিক-সম্পর্কিত মার্কিন নথিপত্র ঘুষের বিনিময়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগে যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া বাংলাদেশির নাম রিজভী আহমেদ ওরফে সিজার (৩৪)। অপর দুজন হলেন কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) সাবেক চর রবার্ট লুস্টিক (৫০) ও লুস্টিকের বন্ধু জোহানেস থালের (৪৯)।
গতকাল শুক্রবার গ্রেপ্তার করা হয় রিজভী ও থালেরকে। ওই দিন বিকেলেই তাঁদের হোয়াইট প্লেইনসের কেন্দ্রীয় আদালতের বিচারক জর্জ এ ইয়ানথিসের আদালতে হাজির করা হয়। অন্যদিকে, লুস্টিক অন্য একটি মামলায় আগে থেকেই গ্রেপ্তার আছেন।
যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের ফৌজদারি বিভাগের অ্যাটর্নি জেনারেল মিথিলি রমন, নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি প্রিট ভারারা এবং ডিপার্টমেন্ট অব জাস্টিসের মহাপরিদর্শক মাইকেল ই হরোভিত্স এই ঘোষণা দেন। গতকাল জাস্টিস ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে খবরটি জানানো হয়।
বিবৃতি অনুযায়ী, এফবিআইয়ের সাবেক চর রবার্ট লুস্টিককে ঘুষ দিয়ে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় রাজনীতিকের তথ্য নিতে চেয়েছিলেন রিজভী আহমেদ। এই দুজনের মধ্যে ঘুষ লেনদেনের মধ্যস্থতা করছিলেন লুস্টিকের বন্ধু জোহানেস থালের।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশি ওই রাজনৈতিক নেতার নাম-পরিচয় প্রকাশ করা না হলেও তিনি যে বিরোধী দলের, সেটা স্পষ্ট করে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এফবিআইতে নিজের পদবি বলেই অভ্যন্তরীণ আইন প্রয়োগবিষয়ক যেসব নথিপত্র লুস্টিকের আওতাভুক্ত সেগুলোই পেতে চেয়েছিলেন রিজভী আহমেদ।
হোয়াইট প্লেইনস আদালতের প্রকাশ করা তথ্যমতে, ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১২ সালের মার্চ—এই সময়ের মধ্যে লুস্টিক, থালের ও রিজভীর মধ্যে ঘুষ লেনদেনের কথাবার্তা হয়। থালেরের মাধ্যমে রিজভী লুস্টিককে ঘুষ দিতে রাজি হন। তথ্য পাওয়ার আশায় রিজভী তাঁদের এক হাজার ডলার দিয়েও দেন। থালের এবং লুস্টিক এই বাবদ রিজভীর কাছ থেকে মাসে মাসে মোটা অঙ্কের এবং আরও বেশি তথ্য দেওয়ার বিনিময়ে কয়েক লাখ ডলার হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেন।
অভিযোগ অনুযায়ী, রিজভী ওই বাংলাদেশি রাজনীতিক-সম্পর্কিত মার্কিন তথ্য ও নথি পেতে চেয়েছিলেন। একই সঙ্গে ওই রাজনীতিক ও তাঁর সহযোগীদের ক্ষতি করতে চেয়েছিলেন।
জাস্টিস ডিপার্টমেন্টের প্রকাশ করা বিবৃতি অনুযায়ী, ২০১২ সালের জানুয়ারি মাসে লুস্টিক বুঝতে পারেন রিজভী আহমেদ তিনি (লুস্টিক) ছাড়াও অন্য একটি সূত্র থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছেন। এরপর লুস্টিক মধ্যস্থতাকারী জোহানেস থালেরকে পাঠানো এক বার্তায় বলেন, তাঁর সঙ্গে প্রতারণা করার জন্য তিনি রিজভীকে খুন করতে চান। তিনি ওই বার্তায় বলেন, প্রয়োজনে তিনি রিজভীর চরবৃত্তির খবর বাংলাদেশের ওই রাজনীতিককে জানিয়ে দেবেন এবং তার বিনিময়ে ওই রাজনীতিকের কাছ থেকে অর্থও হাতিয়ে নেবেন।
লুস্টিক, রিজভী ও থালের—এই তিনজনের বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে। প্রথমটি হলো, তাঁরা তিনজনই সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার ষড়যন্ত্র করেছেন। দ্বিতীয়টি হলো লুস্টিক ও থালেরের বিরুদ্ধে। তাঁরা ঘুষ লেনদেনে মধ্যস্থতা ও ঘুষ গ্রহণ করেছেন। তৃতীয় অভিযোগটি রিজভীর বিরুদ্ধে। তিনি একজন সরকারি কর্মকর্তাকে ঘুষ দিয়েছেন। চতুর্থ অভিযোগটি লুস্টিকের বিরুদ্ধে। তিনি ঘুষ নিয়ে সরকারি নথি ফাঁস করতে চেয়েছেন।
অভিযোগ প্রমাণিত হলে লুস্টিকের ২৫ এবং থালের ও রিজভীর ২০ বছর করে কারাদণ্ড হতে পারে।