ঘুষ নেওয়ায় বিজেপির সাবেক প্রধানের চার বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নেওয়ার দায়ে ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক প্রধান বাঙ্গারু লক্ষ্মণকে চার বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এক লাখ রুপি জরিমানা করা হয়। গতকাল শনিবার দিল্লির একটি আদালত এক রায়ে এই দণ্ডাদেশ দেন। আদালত গত শুক্রবার লক্ষ্মণকে দোষী সাব্যস্ত করেন। এরপর আদালতের নির্দেশে তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হয়।৭২ বছর বয়সী লক্ষ্মণ গতকাল তাঁর স্বাস্থ্যের কথা বিবেচনা করে লঘু শাস্তি দেওয়ার জন্য আদালতে আবেদন করেন। তিনি বলেন, ‘আমি এই প্রথমবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি।’ এরপর আদালত তাঁর বিরুদ্ধে এই কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন। সাজা ঘোষণার পর লক্ষ্মণের আইনজীবী জানান, তাঁরা এই সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন। তিনি বলেন, ‘এটা সাজানো একটি মামলা। এই রায় চূড়ান্ত কিছু নয়। আমরা এর বিরুদ্ধে আপিল করব।’ গতকাল সাজা ঘোষণার সময় লক্ষ্মণের পরিবারের পক্ষ থেকে তাঁর মেয়ে আদালতে উপস্থিত ছিলেন।২০০১ সালে এক সাংবাদিক অস্ত্র ব্যবসায়ীর ছদ্মবেশে লক্ষ্মণকে এক লাখ রুপি ঘুষ দেন। ওই সাংবাদিক যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স ওয়েস্ট অ্যান্ড ইন্টারন্যাশনালের মাধ্যমে ভারতের সামরিক বাহিনীর অস্ত্র কিনতে ওই ঘুষের বিনিময়ে রাজি করান লক্ষ্মণকে। ঘুষ নেওয়ার ঘটনাটি গোপন ক্যামেরায় ধারণ করা হয়। পরে দেশটির সাপ্তাহিক রাজনৈতিক সাময়িকী তেহলকা সিডি আকারে ঘুষ নেওয়ার বিষয়টি প্রকাশ করে। এই ঘটনার পর বিজেপিপ্রধানের পদ ছেড়ে দেন লক্ষ্মণ। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।