ঘুষের মামলায় দোষী সাব্যস্ত বিজেপির সাবেক প্রধান লক্ষ্মণ
ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক প্রধান বাঙ্গারু লক্ষ্মণ ঘুষ নেওয়ার দায়ে অভিযুক্ত হয়েছেন। গতকাল শুক্রবার দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের বিশেষ আদালত এক রায়ে তাঁকে দোষী সাব্যস্ত করেন।বিজেপির সাবেক এই নেতাকে আজ শনিবার আবার আদালতে নেওয়া হবে। আজ তাঁর বিরুদ্ধে কারাদণ্ডাদেশ ঘোষণা করবেন আদালত। সিবিআইয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সাজা দেওয়ার আবেদন জানানো হবে বলে জানা গেছে। এটা হলে লক্ষ্মণের পাঁচ বছর সাজা হতে পারে।২০০১ সালে এক সাংবাদিক অস্ত্র ব্যবসায়ীর ছদ্মবেশে লক্ষ্মণকে এক লাখ রুপি ঘুষ দেন। ওই সাংবাদিক যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনালের মাধ্যমে ভারতের সামরিক বাহিনীর অস্ত্র কিনতে ওই ঘুষের বিনিময়ে রাজি করান তাঁকে। ঘুষ নেওয়ার ঘটনাটি গোপন ক্যামেরায় ধারণ করা হয়। পরে দেশটির সাপ্তাহিক রাজনৈতিক সাময়িকী তেহলকা সিডি আকারে ঘুষ নেওয়ার বিষয়টি প্রকাশ করে। টাইমস অব ইন্ডিয়া।