ঘূর্ণিঝড় থেইনের আঘাতে ১৬ জনের মৃত্যু
ঘূর্ণিঝড় ‘থেইন’ গতকাল শুক্রবার ভারতের দক্ষিণ উপকূলে আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর বৃষ্টি হয়েছে। ১৬ জনের মৃত্যুসহ ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। উপকূলীয় লোকজন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। কয়েকটি এলাকার যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে।ভারতের আঞ্চলিক আবহাওয়া দপ্তরগুলো জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় থেইন গতকাল সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটার মধ্যে আরও পশ্চিমে অগ্রসর হয়ে তামিলনাড়ুর দক্ষিণ উপকূলীয় কুডালোর ও পদুচেরি জেলা অতিক্রম করে। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়।কর্মকর্তারা জানান, গতকাল সকালে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ুতে আঘাত হানে। এ সময় সাগর ফুঁসে উঠে ঢেউয়ের উচ্চতা দেড় মিটারে পৌঁছায়। দক্ষিণ তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকার হাজার হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। চেন্নাই থেকে কুয়েত ও মালয়েশিয়াসহ আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুডালোর জেলায়।ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) ভাইস চেয়ারম্যান শশীদহর রেড্ডি জানান, ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ুতে ১৪ জন এবং পদুচেরিতে দুজনের মৃত্যু হয়েছে। এএফপি, রয়টার্স ও পিটিআই।