ঘূর্ণিঝড়কবলিত ফিজিতে ত্রাণসামগ্রী পৌঁছেছে
ঘূর্ণিঝড়কবলিত ফিজিতে গতকাল বুধবার আন্তর্জাতিক ত্রাণসামগ্রীর প্রথম কিস্তি পৌঁছেছে। এদিকে ফিজির দুর্গত মানুষের সাহায্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সরকার প্রাথমিক পর্যায়ে মোট ১৬ লাখ মার্কিন ডলার সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে। খবর এএফপির।গতকাল সকালে নিউজিল্যান্ড বিমানবাহিনীর একটি সি ১৩০ হারকিউলিস নামের একটি বিমানে করে প্রথম ত্রাণসামগ্রী ফিজিতে আসে। পরে অস্ট্রেলিয়া থেকে আরেকটি বিমানে ত্রাণসামগ্রী আসে।এর আগে ফিজির প্রেসিডেন্ট ভরেক বাইনিমারামা গত মঙ্গলবার জানান, ঘূর্ণিঝড়ে তাঁর দেশ একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। গত সোমবার এই ঘূর্ণিঝড় আঘাত হানে।ঘূর্ণিঝড়ের পর ফিজির উপকূলে ঘণ্টায় গড়ে ১৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও উঁচু জলোচ্ছ্বাস বয়ে যায়। এতে অনেক এলাকার সঙ্গে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।ফিজিভিত্তিক ইউনিসেফের প্রশান্ত মহাসাগরীয় কর্মকর্তা টিম সাটন বলেন, শক্তিশালী ঘূর্ণিঝড়ে ফিজির দেড় লাখ নাগরিক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।