ঘোর আপত্তি ঠেলে ওকিনাওয়ায় মার্কিন যুদ্ধবিমান ওসপ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় লোকজনের ব্যাপক আপত্তি সত্ত্বেও জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে ওসপ্রে যুদ্ধবিমান মোতায়েন শুরু করেছে যুক্তরাষ্ট্র। ওকিনাওয়ার ফুতেনমা বিমানঘাঁটিতে গতকাল সোমবার এ ধরনের ছয়টি বিমান পৌঁছেছে। ১২টি বিমান এখানে মোতায়েন করা হবে। গত শুক্রবারই এগুলো মোতায়েনের কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তা মোতায়েনে তিন দিন বিলম্ব হয়।ওসপ্রে হলো হাইব্রিড সামরিক যুদ্ধবিমান। এর রোটর (প্রপেলারের আনুভূমিক ঘূর্ণনশীল পাখার সমাবেশ) রয়েছে। এটি হেলিকপ্টারের মতো রানওয়ে ছাড়াই সংক্ষিপ্ত পরিসরে উড্ডয়ন এবং একই সঙ্গে বিমানের মতো উড়তে পারে।সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে বলেছে, ওসপ্রে মোতায়েনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। গতকাল সকালেই শতাধিক বিক্ষোভকারী ঘাঁটির বাইরে জড়ো হয়। এর আগে রোববারও ফুতেনমা ঘাঁটির বাইরে বিক্ষোভ হয়। এদিন বিক্ষোভকারীরা ঘাঁটির ফটকগুলো সিলগালা করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের সরিয়ে দেয়।মরক্কো ও ফ্লোরিডায় এরই মধ্যে ওসপ্রে যুদ্ধবিমান দুটি দুর্ঘটনার শিকার হয়েছে। তাই নিরাপত্তা হুমকির কারণে ওকিনাওয়ার বাসিন্দারা ওসপ্রে মোতায়েনের বিপক্ষে অবস্থান নিয়েছে।জাপানের প্রতিরক্ষামন্ত্রী সাতোশি মোরিমতো গত মাসের গোড়ার দিকে বলেছিলেন, ওসপ্রে যুদ্ধবিমানের নিরাপত্তা নিশ্চিত করেই এই বিমান মোতায়েনের অনুমতি দেওয়া হয়েছে। স্থানীয় লোকজন কোনোভাবেই এই যুদ্ধবিমান মোতায়েন মেনে নিতে পারছে না। ওকিনাওয়ার গভর্নর হিরোকাজু নাকাইমা বলেন, ওসপ্র্রে মোতায়েনের আগে এই যুদ্ধবিমান নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ নিরসন করা উচিত ছিল। তিনি বলেন, এটা হতাশাজনক এবং খুব দুঃখজনক। ওকিনাওয়ার অনেকে ফুতেনমা ঘাঁটি সরিয়ে নেওয়ারও দাবি জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্র ও জাপান সরকার উভয়েই ঘাঁটি বন্ধ করে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। কিন্তু তারা বলেছে, এর পরিবর্তে ওকিনাওয়ার উত্তরাঞ্চলে কম জনবসতি এলাকায় ঘাঁটি স্থাপন করা হবে। বিবিসি।