ঘোড়ার মাংস মেশানো খাবার ফেলে না দিয়ে গরিবদের দেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোড়ার মাংসমিশ্রিত খাদ্য ফেলে না দিয়ে গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন জার্মানির এক মন্ত্রী। ইউরোপজুড়ে খাদ্যপণ্যে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস ব্যবহারের কেলেঙ্কারি প্রকাশের প্রেক্ষাপটে গত শনিবার তিনি এই পরামর্শ দেন। তবে এর বিরোধিতা করেছে দেশটির বিরোধী দল।জার্মানির ক্ষমতাসীন সিডিইউ দলের প্রভাবশালী সদস্য হার্টিগ ফিশার প্রথমে এই প্রস্তাব তোলেন। তিনি শনিবার বিল্ড সংবাদপত্রকে বলেন, ঘোড়ার মাংসমিশ্রিত খাদ্য ফেলে না দিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া যেতে পারে। পরে অনেকেই ওই প্রস্তাবের সমর্থন করেন।জার্মানির উন্নয়নমন্ত্রী দ্রিক নিয়েবেল তাঁদেরই একজন। তিনি জানান, বিশ্বের ৮০ কোটি মানুষ ক্ষুধার্ত। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এমনকি জার্মানিতেও অনেকে রয়েছেন, যাঁরা অর্থকষ্টে, এমনকি খাদ্যসংকটে রয়েছেন। আমি মনে করি, জার্মানির কোনো ভালো খাবার আমরা ফেলে দিতে পারি না।’দেশটির বিরোধী দল এই পরিকল্পনার বিরোধিতা করেছে। তারা বলেছে, এটা ‘উদ্ভট’ চিন্তা। তবে জার্মানির এভানজেলিক্যাল চার্চের (ইকেডি) জ্যেষ্ঠ পুরোহিত প্রিলেট বারনার্ড এই প্রস্তাবের প্রতি সমর্থন করেছেন।এদিকে ইতালির একটি প্রতিষ্ঠান থেকে জব্দ করা গরুর মাংসের কিমায় এবং দুই হাজার ৪০০ প্যাকেট মাংসজাত খাদ্যপণ্য ল্যাসাঞ্জ বোলোগনিজে ঘোড়ার ডিএনএ শনাক্ত হয়েছে। বিবিসি।