চকলেটশিল্পকে রক্ষা করবে কোকোর জীবন-রহস্য
কোকোগাছের জীবন-রহস্য উন্মোচন করায় তা চকলেটশিল্প রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে। একজন কোকো গবেষক এ আশাবাদ ব্যক্ত করেছেন।কোকো ফল চকলেট তৈরির প্রধান উপাদান। শুধু চকলেট তৈরি নয়, কোকোর চাষ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার অন্তত ৬৫ লাখ মানুষের জীবন-জীবিকার প্রশ্ন। আন্তর্জাতিক চকলেট ও কনফেকশনারি কোম্পানি মারসের গবেষক হাওয়ার্ড ইয়ানা-শাপিরো জানিয়েছেন, কোকোগাছের জীবনরহস্য জানার ফলে বৈজ্ঞানিক উপায়ে কোকোর চাষ সম্ভব হবে। এতে করে ফলন বাড়বে। জীববৈচিত্র্য রক্ষা পাবে। কৃষকেরাও পাবেন নানা সহযোগিতা।সারা বিশ্বে চকলেটের চাহিদা ক্রমে বেড়েই চলেছে। সেই তুলনায় কোকোর উৎপাদন বাড়ছে না। এর আগে গবেষকেরা হুঁশিয়ার করে দিয়ে বলেছিলেন, কোকো চাষে বৈপ্লবিক পরিবর্তন আনতে না পারলে আগামী ৫০ বছরের মধ্যে এই শিল্প বড় ধরনের ধাক্কা খাবে।চকলেটশিল্প রক্ষার লক্ষ্যে মারস ও আইবিএম, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক কোকোগাছের জীবনরহস্য উদ্ভাবনের চেষ্টা করছিলেন। তাঁদের সমন্বিত গবেষণায় গত সেপ্টেম্বরে কোকোগাছের জীবনরহস্য উন্মোচন করা হয়।গবেষক শাপিরো বলেন, ‘আইভরি কোস্ট বিশ্বের সবচেয়ে বেশি কোকো উৎপাদন করে। মারস ৬০ বছর ধরে তাদের কাছ থেকে কোকো ফল কিনে তা দিয়ে চকলেট তৈরি করে বাজারজাত করে আসছে। কিন্তু আমরা ওই অঞ্চলের পরিবেশগত অবস্থা, প্রাণবৈচিত্র্য ও আর্থসামাজিক অবস্থার কথা বিবেচনা করে বুঝতে পারি যে অঞ্চলটিতে এখন সংকট চলছে।’সেখানে প্রতি এক হেক্টর জমিতে কোকো চাষ করে মাত্র ৪০০ কেজি কোকো ফল পাওয়া যাচ্ছে।ধান ও গমের জেনেটিক কোড ইতিমধ্যে ডিকোড করা হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বের প্রধান এই দুই খাদ্যশস্যের অধিক ফলন সম্ভব হয়েছে। কোকোর চাষ খুব বেশি অঞ্চলে করা হয় না। তার ওপর পোকার আক্রমণে কোকোগাছে মড়ক দেখা দেয়। খরায় মারা যায় অনেক গাছ।এ ক্ষেত্রে কোকোগাছের জীবনরহস্য উন্মোচন সাফল্য বয়ে আনবে। এই গাছের রোগবালাই নির্ণয়, খরাসহ, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে কোকোগাছকে রক্ষা করা যাবে। আগামী ১০ থেকে ২০ বছরে কোকো চাষে বড় ধরনের সাফল্য লাভ করা যাবে। বিবিসি অনলাইন।