চতুর্থ পারমাণবিক পরীক্ষা চালাবে উ. কোরিয়া?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূ-উপগ্রহ থেকে তোলা উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা চালানোর স্থান পাঙ্গি-রি-এর সংগৃহীত চিত্র। ছবি : ভয়েস অব আমেরিকার সৌজন্যে
ভূ-উপগ্রহ থেকে তোলা উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা চালানোর স্থান পাঙ্গি-রি-এর সংগৃহীত চিত্র। ছবি : ভয়েস অব আমেরিকার সৌজন্যে

উত্তর কোরিয়া চতুর্থ পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছেন একটি মার্কিন চিন্তন গোষ্ঠীর বিশ্লেষকেরা। স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া নতুন ছবির সূত্র ধরে তাঁরা এ আশঙ্কা করছেন।
আজ শুক্রবার এএফপির খবরে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দুই দিনের সফরে আজ দক্ষিণ কোরিয়া গেছেন। তিনি সেখানে পৌঁছার কয়েক ঘণ্টা আগে বিশ্লেষকেরা এ আশঙ্কার কথা প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণাপ্রতিষ্ঠান ইউএস-কোরিয়া ইনস্টিটিউট সতর্কবাণী উচ্চারণ করে বলেছে, ওবামার এই সফরকে কেন্দ্র করে সম্ভবত উত্তর কোরিয়া এ পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ কোরিয়া সরকারও একই ধারণা পোষণ করেছে।
গবেষণাপ্রতিষ্ঠানটি আরও জানায়, পাঙ্গি-রি টেস্ট সাইট বলে পরিচিত উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা চালানোর স্থানে গত দুদিনের সংগৃহীত ভূ-উপগ্রহ চিত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে, সেখানে সম্ভবত ‘বিস্ফোরণের’ প্রস্তুতির তত্পরতা চালানো হচ্ছে। 
উত্তর কোরিয়ার এ ধরনের কোনো কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাদের বিরাজমান উত্তেজনা আরও বাড়াবে। গতকাল জাপান সফরকালে টোকিওতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মন্তব্য করেন, কয়েক দশক ধরেই উসকানিমূলক কর্মকাণ্ড করে আসছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক অঙ্গনে তারা বরাবরই দায়িত্বহীনতার পরিচয় দিয়ে এসেছে।

এর আগে ২০০৬, ২০০৯ ও ২০১৩ সালে তিন দফা পারমাণবিক পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।