চমক নেই কংগ্রেসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ টালবাহানা শেষে শনিবার রাতে বিভিন্ন রাজ্যের মোট ১৯৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে ভারতের কংগ্রেস দল। এই তালিকায় আছেন উত্তর প্রদেশের রায়বেরিলি থেকে সোনিয়া গান্ধী, আমেথি থেকে রাহুল গান্ধী, ফারুকাবাদ থেকে পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের মতো বড় নাম। তবে কংগ্রেসের তালিকায় কোনো চমক নেই।
এদিকে অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য মহারাষ্ট্রে একেবারে আচমকাই নতুন রাজনৈতিক সমীকরণ হতে চলেছে। বিজেপির মিত্র শিবসেনা ভেঙে জন্ম নেওয়া মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) বলেছে, তাদের জয়ী সাংসদেরা প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদিকে সমর্থন করবেন। কংগ্রেসের প্রার্থী তালিকা পরিচিত নামে ঠাসা। এ তালিকায় আছেন কানপুর থেকে কেন্দ্রীয় মন্ত্রী কয়লা কেলেঙ্কারিতে নাম জড়ানো শ্রীপ্রকাশ জয়সোয়াল, ফুলপুর থেকে সাবেক টেস্ট ক্রিকেটার মহম্মদ কায়েফ, বিহারের সাসারাম কেন্দ্রে লোকসভার স্পিকার মীরা কুমার, বেঙ্গালুরু (উত্তর) থেকে নন্দন নিলেকেনি, গুলবর্গা থেকে রেলমন্ত্রী মল্লিকার্জুন খাগড়ে। মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশেও পরিচিত মুখের ভিড়। মহারাষ্ট্রের সোলাপুর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল সিন্ধে, মুম্বাই (উত্তর-মধ্য) থেকে প্রিয়া দত্ত। মধ্যপ্রদেশের গুনা কেন্দ্র থেকে প্রার্থী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ছিন্দওয়াড়া থেকে কমলনাথ। পশ্চিমবঙ্গের ১৮ প্রার্থীর নাম জানানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন দীপা দাসমুন্সী (রায়গঞ্জ), অধীর চৌধুরী (বহরমপুর) ও সাবেক প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সোমেন মিত্র তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে লড়ছেন কলকাতা থেকে।