চমক সৃষ্টি করল ওবামা-রাউলের করমর্দন

দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলার স্মরণসভায় গতকাল মঙ্গলবার কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার করমর্দনের ঘটনা কূটনৈতিক অঙ্গনে বেশ চমক সৃষ্টি করেছে।
আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ইরানের মতো কিউবার সঙ্গেও শান্তিপূর্ণ সমঝোতায় যেতে প্রস্তুত।
স্মরণসভায় বিদেশ থেকে আসা বিশিষ্ট ব্যক্তিদের তালিকায় শীর্ষে ছিলেন ওবামা। এ সময় তিনি আরও পাঁচজন বিশ্বনেতার সঙ্গে মঞ্চে দাঁড়ালে রাউল কাস্ত্রোর সঙ্গে সাক্ষাত্ হয়। যদিও কাস্ত্রোর সঙ্গে করমর্দনের সময় ওবামাকে কিছুটা দ্বিধান্বিত মনে হয়েছে। এর আগে মার্কিন কর্মকর্তারা কাস্ত্রোর সঙ্গে যেকোনো বৈঠক এড়িয়ে চলতেন। ওবামা ও রাউল কাস্ত্রো করমর্দনের সময় নিচু স্বরে কুশলবিনিময়ও করেন।
গত প্রায় অর্ধ শতাব্দী ধরে কিউবা ও যুক্তরাষ্ট্রের কুটনৈতিক সম্পর্ক নেই। ২০০০ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের এক অধিবেশনে তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনের সঙ্গে করমর্দন করেন কিউবার সাবেক নেতা ফিদেল কাস্ত্রো। তত্কালীন পররাষ্ট্রমন্ত্রী ম্যাডলেইন অলব্রাইট পরে তাঁদের এ করমর্দনের ঘটনাকে একটি ‘আকস্মিক সাক্ষাতের’ ঘটনা বলে অভিহিত করেন। বলা হয়ে থাকে, ফিদেল কাস্ত্রো সেবারই প্রথমবারের মতো ক্ষমতাসীন কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন করছিলেন।