চমকে দেওয়া সেই অতিথি
বিশ্বের সব ফেরারি মানুষের তালিকার এক নম্বরে যাঁর নাম, সেই মানুষটি যদি হুট করে রাতের ভোজে অতিথি হয়ে আসেন, তাহলে কেমন হবে? ২০১০ সালের গরমকালে এই রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছিল পাকিস্তানের ওয়াজিরিস্তানের একটি উপজাতীয় পরিবারের সদস্যদের।তখন গভীর রাত। পাকিস্তানের ওয়াজিরিস্তানে একটি উপজাতীয় পরিবারে ছয়জন বসে আছেন একজনের অপেক্ষায়। তিনি ওই পরিবারের আমন্ত্রিত অতিথি। অথচ তাঁরা জানেনই না কে এই অতিথি।এক সপ্তাহ আগে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাঁদের এই নৈশভোজের আয়োজন করতে বলেন। তবে অতিথির নাম ও তাঁর আসার সময় সম্পর্কে কিছু জানাননি।রাত ১১টার দিকে চারদিক যখন সুনসান, এ সময় গাড়ির শব্দ পাওয়া গেল। ঘর থেকে বের হলেন উপজাতীয় পরিবারটির সদস্যরা। বাড়ির আঙিনায় ১২টি গাড়ি দেখা গেল। একটি গাড়ি প্রায় বারান্দা ঘেঁষে এসে থামে। গাড়ির পেছনের আসন থেকে হালকা-পাতলা গড়নের দীর্ঘদেহী এক ব্যক্তি বেরিয়ে আসেন। তাঁর পরনে আলখাল্লা, মাথায় সাদা পাগড়ি। এই মানুষটিকে দেখে চমকে ওঠেন উপজাতীয় পরিবারটির সদস্যরা। তাঁরা বিশ্বাসই করতে পারছিলেন না যে, আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন সামনে দাঁড়িয়ে। দুই ব্যক্তি বিবিসির সাংবাদিকদের বলেছেন লাদেনকে আপ্যায়িত করার এই অভিজ্ঞতার কথা। ওই সময় বাড়ির কর্তা ওসামা বিন লাদেনের সঙ্গে হাত মেলান। শুভেচ্ছা বিনিময়ের পর লাদেনকে নিয়ে যাওয়া হলো ভেতরে। তিনি ঘণ্টা তিনেক ছিলেন ওই বাড়িতে। এর মধ্যে তিনি ও তাঁর সঙ্গীরা নামাজ আদায় করেন, বিশ্রাম নেন এবং ভেড়া ও মুরগির মাংস দিয়ে ভাত খান।ওই সময়ের মধ্যে ওই বাড়ির কারও বাইরে যাওয়ার অনুমতি ছিল না। সে সময় একজন অভ্যর্থনাকারী তাঁর ৮৫ বছর বয়সী বাবাকে একনজর বিন লাদেনকে দেখাতে চান। ওই ব্যক্তি জানান, এটি তাঁর বাবার শেষ ইচ্ছা। এ কথায় লাদেন তাঁকে দেখা দিতে রাজি হন। বৃদ্ধ ব্যক্তিটি বিন লাদেনের সঙ্গে প্রায় ১০ মিনিট কথা বলেন। এরপর লাদেন তাঁর সঙ্গীদের নিয়ে যেভাবে এসেছিলেন, সেভাবে ওই বাড়ি থেকে চলে যান। বিবিসি।