চরবৃত্তির অভিযোগ, মার্কিন দূতকে তলব ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ওপর চরবৃত্তির অভিযোগ এনে আজ বুধবার মার্কিন দূতকে তলব করেছে ভারত। দেশটির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ২০১০ সালে বিজেপিকে তাদের চরবৃত্তির আওতায় রেখেছিল। 

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা যে অভিযোগ করেছি, সে ব্যাপারে জবাব চাইছি। একই সঙ্গে নিশ্চয়তা চাইছি যে এ ধরনের ঘটনা আর ঘটবে না।’

সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের সরবরাহ করা একটি নথির ভিত্তিতে গত সোমবার ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত খবরে বলা হয়েছে, বিজেপির কর্মকাণ্ডের ওপর ২০১০ সালে নজরদারি করেছে এনএসএ। বিজেপি তখন প্রধান বিরোধী দল ছিল।

চরবৃত্তির অভিযোগ এনে ভারতের তরফ থেকে মার্কিন দূতকে ডেকে পাঠানোর ঘটনা এ নিয়ে তৃতীয়বারের মতো ঘটল। এর আগে গত বছরের জুলাই ও নভেম্বর মাসে ভিন্ন দুটি বিষয়ে মার্কিন দূতকে তলব করা হয়। নিউইয়র্কে ভারতের জাতিসংঘ মিশন ও ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে চরবৃত্তির অভিযোগেও দেশটি মার্কিন দূতকে তলব করেছিল।

উভয় অভিযোগের বিষয়ে ওয়াশিংটন জানিয়েছিল, কী ধরনের বিষয়ে গুপ্তচরবৃত্তি হতে পারে, তা তারা খতিয়ে দেখবে। তবে এ ব্যাপারে তারা বিস্তারিত আর কিছু জানায়নি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘আমরা বারবার বলছি, আমাদের অভিযোগের বিষয়ে আমরা সাড়া চাই। কিন্তু তাদের তরফ থেকে কিছুই জানা যায় না।’

চরবৃত্তির এই অভিযোগটি এমন সময়ে উত্থাপিত হলো, যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি নয়াদিল্লি সফরে যাবেন। কয়েক মাসের মধ্যে এই সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন বলে ধারণা করা হচ্ছে। 

২০০২ সালে গুজরাট দাঙ্গার ঘটনায় নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে এবার প্রধানমন্ত্রী হিসেবে মোদি জয়ী হওয়ার পর যুক্তরাষ্ট্র তাঁর সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার ঘোষণা দেয়।