চরমপন্থা ঠেকাতে নতুন আইন করছেন ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরমপন্থা দমনে একগুচ্ছ নতুন আইন করতে যাচ্ছেন সদ্য পুনর্নির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইরাক ও সিরিয়া সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাজ্যে সন্ত্রাসবাদের ঝুঁকি লক্ষণীয়ভাবে বৃদ্ধির প্রেক্ষাপটেই এ পদক্ষেপ। খবর বিবিসির।
প্রথা অনুযায়ী রানি দ্বিতীয় এলিজাবেথ ২৭ মে ব্রিটিশ পার্লামেন্টে যে ভাষণ দেবেন, তাতে সন্ত্রাসবাদবিরোধী বিলের বিষয়টি থাকবে। জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) সাপ্তাহিক বৈঠকে এ বিষয়টি জানাবেন প্রধানমন্ত্রী ক্যামেরন। এসব বিলের মধ্যে থাকবে নতুন অভিবাসন আইন, চরমপন্থীদের ব্যবহৃত বাড়িঘর বা অন্য কোনো স্থান বন্ধ করে দেওয়ার নতুন ক্ষমতা এবং ‘চরমপন্থাকে বাধাগ্রস্ত করার আদেশ’। ক্যামেরন বলবেন, ‘বিষাক্ত’ চরমপন্থী মতাদর্শকে অবশ্যই রুখতে হবে।
এ ধরনের প্রস্তাবগুলোর বিষয়ে প্রথম ঘোষণা আসে সদ্য অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের আগে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মের কাছ থেকে। নতুন পার্লামেন্টে এমন প্রস্তাবগুলোর বিরুদ্ধে কিছুটা হলেও বিরোধিতা আসতে পারে। বিশেষ করে কিছু পরিকল্পনা নাগরিকদের বাক্স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করতে পারে, এই যুক্তিতে।
নতুন পদক্ষেপের আওতায় যেসব চরমপন্থী সংগঠন প্রকাশ্যে ঘৃণার বাণী ছড়াবে, তাদের নিষিদ্ধ করারও বিধান রাখা হচ্ছে। এমন কর্মকাণ্ড একেবারে সন্ত্রাসবাদীগোষ্ঠীর অনুরূপ না হলেও নতুন পদক্ষেপের আওতায় তাদের নিষিদ্ধ করা যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে বিবিসি রেডিওকে বলেছেন, ‘সরকার দেশের মানুষকে এক কাতারে আনতে চায়, যাতে করে মনে হয়, আমরা অভিন্ন সমাজের সদস্য। প্রস্তাবিত বিলে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ থাকবে। যেমন, বিভিন্ন গোষ্ঠীকে নিষিদ্ধ করার আদেশ এবং ব্যক্তিবিশেষের কর্মকাণ্ডকে ব্যাহত করার আদেশ। যারা ঘৃণা ও অসহিষ্ণুতাকে ছড়াতে সক্রিয়ভাবে চেষ্টা করে, তাদের রুখতে এসব পদক্ষেপ। এমন কার্যক্রমই আমাদের সমাজে বিভাজন সৃষ্টি এবং ব্রিটিশ মূল্যবোধকে অবজ্ঞা করছে।’
সরকারের পরিকল্পনা অনুযায়ী, সরকারের চ্যারিটি কমিশনকে বাড়তি ক্ষমতা দেওয়া হবে। এর ফলে যেসব দাতব্য প্রতিষ্ঠান অবৈধভাবে চরমপন্থা ও সন্ত্রাসবাদের জন্য অর্থ জোগাড় করে, তাদের মূলোচ্ছেদ করা যাবে। আর ব্রিটিশ সম্প্রচার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান অফকম যেসব চ্যানেল চরমপন্থী মতাদর্শ-সংবলিত বিষয়বস্তু সম্প্রচার করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।