চলতি বছরেই ক্ষমতা ছাড়ার প্রস্তাব প্রেসিডেন্ট সালেহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ তাঁর পদত্যাগের দাবি নিয়ে সৃষ্ট উত্তেজনা প্রশমন করতে চলতি বছরের শেষ দিকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন। তবে গত বুধবার তাঁর দেওয়া এই ঘোষণার পরও বিরোধী দলের মধ্যে তাঁকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন থেকে সরে আসার কোনো লক্ষণ দেখা যায়নি।প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে গতকালও রাজধানী সানায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। এতে সপক্ষত্যাগী জেনারেলরাও শরিক হন।প্রেসিডেন্ট সালেহ আল-কায়েদাবিরোধী যুদ্ধে ওয়াশিংটন ও সৌদি আরবের অন্যতম মিত্র। বুধবার তিনি চলতি বছরে নতুন পার্লামেন্ট ও নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন করতে সাংবিধানিক পরিবর্তন ও নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দেন। বিরোধী দলগুলোর নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে সালেহ বলেন, ‘এই ঐতিহাসিক মুহূর্তে সহিংসতা এড়াতে ইয়েমেনের চাই বিচক্ষণ নেতৃত্ব।’ সেনা কমান্ডার আলী মহসিনের কাছেও ওই চিঠি পাঠানো হয়েছে।ওই দিন তিনি মন্ত্রিসভা বাতিল করে দিয়ে জরুরি অবস্থা জারি করেন। এ দিন বিক্ষোভকারীরা ‘জরুরি অবস্থা নয়, তুমি একটা কসাই’ লেখা প্ল্যাকার্ড বহন করেন। কেউ কেউ ‘আমি শহীদ হব’ লেখা টি-শার্ট বিক্রি করেন।তিউনিসিয়া ও মিসরের শাসকদের পতন দেখে ইয়েমেনে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর বিরোধীরা উজ্জীবিত হয়ে ওঠেন।অস্ত্র পাচার চেষ্টা ভণ্ডুল: ১৬ হাজার বন্দুকের একটি চালান তুরস্ক থেকে ইয়েমেনে পাচারের চেষ্টা ভণ্ডুল করে দিয়েছে দুবাই পুলিশ। চালানটি ইয়েমেনের উত্তরাঞ্চলীয় শাদা প্রদেশে শিয়া বিদ্রোহীদের ঘাঁটিতে নিয়ে যাওয়া হচ্ছিল। গালফ এমিরেটস পুলিশের প্রধান গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে লে. জেনারেল দাহি খালফান বলেন, এ সময় সংযুক্ত আরব আমিরাতের ছয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।রবার্ট গেটস বললেন: মিসর সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, ‘আমি মনে করি ইয়েমেনের পরিস্থিতি সত্যিই খুব অস্থিতিশীল, তবে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।’ গেটস গতকাল কায়রো এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘প্রেসিডেন্ট সালেহর সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। সন্ত্রাসবিরোধী লড়াইয়ে তিনি আমাদের একজন গুরুত্বপূর্ণ মিত্র।’ তিনি বলেন, ‘এটা ঠিক যে ইয়েমেনের ভেতরে অনেক অসন্তোষ আছে। এখন আমাদের কেবল পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। আমরা এখনো সালেহ-পরবর্তী ইয়েমেন নিয়ে কোনো পরিকল্পনা করিনি।’ এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বলেছে, ইয়েমেনের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। তাই আজ শুক্রবারের বিক্ষোভ সামনে রেখে রাজধানী সানা থেকে নিজ দূতাবাসের কর্মকর্তাদের একটি অংশকে সাময়িকভাবে সরিয়ে আনছে যুক্তরাজ্য। মাত্র অল্প কয়েকজন কর্মী সেখানে অবস্থান করবেন। রয়টার্স ও এএফপি।