চলতি মাসে মহাকাশে মনুষ্যবাহী নভোযান পাঠাবে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন চলতি মাসে মহাকাশে একটি মনুষ্যবাহী মহাকাশ যান পাঠাবে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া গতকাল শনিবার এ কথা জানিয়েছে। চীনের মহাকাশ কর্মসূচির একজন কর্মকর্তার বরাত দিয়ে সিনহুয়া জানায়, শেনঝাউ-৯ নামের ওই মনুষ্যবাহী নভোযান ও একে উৎক্ষেপণকারী রকেটকে এরই মধ্যে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণকেন্দ্রের মঞ্চে নেওয়া হয়েছে। চলতি মাসের মাঝামাঝি নাগাদ নভোযানটি উৎক্ষেপণ করা হবে। ২০০৮ সালের পর এটিই চীনের প্রথম মনুষ্যবাহী নভোযান, যা মহাকাশে পাঠানো হচ্ছে।এর আগে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, শেনঝাউ-৯ মহাকাশ যানে তিনজন নভোচারীর অবস্থান করার কথা। কক্ষপথে পৌঁছার পর নভোযানটি মহাকাশে পরিভ্রমণকারী তিয়ানগং-১ গবেষণাগারের সঙ্গে যুক্ত হবে। এরপর নভোচারীরা সেখানে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। ২০২০ সালের মধ্যে একটি স্থায়ী মহাকাশ স্টেশন স্থাপনের লক্ষ্যে চীন গত বছর সেপ্টেম্বরে তিয়ানগং-১ মহাকাশে পাঠায়। এরপর মহাকাশে শেনঝাউ-৮ নামের একটি মনুষ্যবিহীন নভোযান পাঠায় চীন। এটি কিছুদিন তিয়ানগং-১-এর কাছাকাছি অবস্থানের পর নভেম্বরে পৃথিবীতে ফিরে আসে। এএফপি।