লিবিয়ার বিদ্রোহীরা দাবি করেছে, মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে তাদের লড়াই ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে। চলতি মাস শেষ হওয়ার আগেই তাদের বিজয় নিশ্চিত হবে। একই সঙ্গে গাদ্দাফি সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনায় না বসার কথা জানিয়ে দিয়েছে বিদ্রোহীরা।প্যারিসে নিযুক্ত বিদ্রোহীদের গঠিত ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) দূত মনসুর সাইফ আল-নসর বলেন, ‘আমাদের বাহিনী রাজধানী ত্রিপোলির পশ্চিমের জায়িয়াহ শহরের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়েছে। এখন ত্রিপোলিতে প্রবেশ করার পথ খুলে গেছে।’ফ্রান্সের আরএফআই রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে মনসুর এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছি। আশা করি, চলতি আগস্ট মাস শেষ হওয়ার আগেই আমরা চূড়ান্ত বিজয় উদ্যাপন করতে পারব।’ মনসুর আরও বলেন, ‘ত্রিপোলির জনগণ বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। গাদ্দাফি বাহিনী লড়াই ছেড়ে দিয়েছে। কারণ, তাদের বিমান বাহিনীর শক্তি নিঃশেষ হয়ে গেছে। একই সঙ্গে স্থলবাহিনীর ট্যাংকের শক্তিও শেষ হয়েছে। আমাদের বাহিনী ত্রিপোলিতে প্রবেশের অপেক্ষায় রয়েছে।’বিদ্রোহীরা জায়িয়াহ শহর নিয়ন্ত্রণের দাবি করলেও সেখানে গাদ্দাফির অনুগত সেনারা হামলা চালিয়েছে। বার্তা সংস্থা এএফপি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, গাদ্দাফি বাহিনীর অভিযানে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়।গতকাল বিদ্রোহীদের সামরিক কমান্ডের এক বিবৃতিতে দাবি করা হয়, তাদের বাহিনী আল-হেইসা এলাকার কাছাকাছি পৌঁছে গেছে। মিসরাতা শহর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে এবং ত্রিপোলি থেকে ২৫০ কিলোমিটার দূরের এ শহরটি কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ।বিদ্রোহীরা নিজেদের বিজয় খুব কাছে বলে দাবি করলেও লিবিয়ার নেতা গাদ্দাফি সামরিক জোট ন্যাটোসহ বিদ্রোহীদের পরাজিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। পাশ্চাত্যের সমালোচনায় চাভেজ ও আহমাদিনেজাদ: লিবিয়া ও সিরিয়ায় পাশ্চাত্য দেশগুলোর ‘ঔপনিবেশিক আগ্রাসনের’ কঠোর সমালোচনা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ ও ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে গত মঙ্গলবার জানানো হয়, সোমবার রাতে দুই নেতা টেলিফোনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এএফপি।