চলে গেলেন খুশবন্ত সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুশবন্ত সিং
খুশবন্ত সিং

ভারতের প্রখ্যাত লেখক ও সাংবাদিক খুশবন্ত সিং আর নেই। আজ বৃহস্পতিবার ৯৯ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
‘বাবা খুব শান্তিতে নিজ বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন’ বলে গণমাধ্যমকে জানিয়েছেন তাঁর একমাত্র মেয়ে মালা সিং। তাঁর ছেলের নাম রাহুল। টিএনএনে প্রকাশিত এক খবরে জানা যায়, আজ বিকেল চারটার দিকে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা।
১৯১৫ সালের ২ ফেব্রুয়ারি হাদালিতে (বর্তমানে পাকিস্তানের অংশ) জন্মগ্রহণ করেন খুশবন্ত সিং। ‘ট্রেন টু পাকিস্তান’, ‘আই শ্যাল নট হিয়ার দ্য নাইটিংগেল’ ও ‘দিল্লি’-এর মতো সাহিত্যকর্মের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
খুশবন্ত সিং একজন আইনবিদ ছিলেন। পরে তিনি লেখালেখির জগতে পা রাখেন। ২০০২ সালে তাঁর আত্মজীবনী ‘ট্রুথ, লাভ অ্যান্ড এ লিটল ম্যালিস’ পেঙ্গুইন প্রকাশনা থেকে প্রকাশিত হয়।
সত্তর ও আশির দশকে খুশবন্ত সিং ‘দ্য হিন্দুস্তান টাইমস’ ও দ্য ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বেশকিছু সাহিত্য সাময়িকী এবং পত্রিকাও সম্পাদনা করেন। এগুলোর মধ্যে বিখ্যাত ছিল ‘ইলাস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া’।

২০০৭ সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন খুশবন্ত সিং। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বলিউড অভিনেতা শাহরুখ খান বলেছেন, ‘বিশ্বাস করতে পারছি না খুশবন্ত সিং আর নেই। তাঁর সাহিত্যকর্মের মধ্য দিয়ে প্রতিদিন আমাদের জীবন সমৃদ্ধ হয়েছে।’ আরেক সাহিত্যিক শোভা দে বলেছেন, খুশবন্ত সিংয়ের মৃত্যুতে সাহিত্যজগতের একটি যুগের সমাপ্তি ঘটল।
১৯৮০ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন প্রখ্যাত এই সাহিত্যিক। ১৯৭৪ সালে তাঁকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়। কিন্তু ১৯৮৪ সালে তিনি এই পুরস্কার ফিরিয়ে দেন। ভারতীয় সেনাবাহিনীর অমৃতসরে স্বর্ণমন্দিরে হামলার প্রতিবাদ জানিয়ে তিনি সেই পুরস্কার ফিরিয়ে দেন।