চলে গেলেন খুশবন্ত সিং

ভারতের খ্যাতিমান লেখক, সাংবাদিক-কলামিস্ট খুশবন্ত সিং আর নেই। গতকাল বৃহস্পতিবার দিল্লিতে নিজ বাসভবনে তিনি মারা গেছেন। শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। তিনি ছেলে রাহুল সিং ও মেয়ে মালা সিংকে রেখে গেছেন।
বিশ্রাম ভুলে অবিরাম লিখতেন খুশবন্ত সিং। এ বিষয়ে ২০০৫ সালে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জানি না, লেখা ছাড়া আর কী করতে পারি। বিশ্রামের শিল্প হারিয়েছি আমি।’ খুশবন্ত সিং ৯৫ বছর বয়সে দ্য সানসেট ক্লাব উপন্যাসটি লেখেন। অসুস্থতাজনিত কারণে মাত্র কয়েক দিন আগে তিনি লেখালেখি ছেড়ে দেন। তবে পত্রিকা ও বই পড়া অব্যাহত রেখেছিলেন। পত্রপত্রিকায় লিখেছেন অসংখ্য কলাম। এর মধ্যে তাঁর একটি সেরা কলাম হলো ‘উইথ ম্যালিস টুওয়ার্ডস ওয়ান অ্যান্ড অল’। তাঁর ননফিকশন দুই খণ্ডের রচনা আ হিস্টরি অব দ্য শিখস ছাড়াও অনুবাদ, সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে লেখা, উর্দু কবিতা সব মিলিয়ে লেখার পরিমাণ অনেক। পেঙ্গুইন থেকে ২০০৩ সালের ১ ফেব্রুয়ারি প্রকাশিত হয় তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ট্রুথ, লাভ অ্যান্ড আ লিটল ম্যালিস।
শিখধর্মাবলম্বী খুশবন্ত ১৯১৫ সালের ২ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের পাঞ্জাবের হাদালিতে (বর্তমানে পাকিস্তানের অংশ) জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর দিল্লি চলে আসেন। তাঁর অন্যতম সেরা সৃষ্টিকর্ম ট্রেন টু পাকিস্তান ১৯৪৭ সালের ভারত ও পাকিস্তান বিভাজনের ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা এক কালজয়ী উপন্যাস। এ ছাড়া তিনি আই শ্যাল নট হিয়ার দ্য নাইটিঙ্গেল ও দিল্লির মতো সাহিত্যকর্মের জন্যও চিরস্মরণীয় হয়ে থাকবেন।
খুশবন্ত সিং সংবাদপত্র যোজনার প্রতিষ্ঠাতা সম্পাদক। এ ছাড়া তিনি সত্তর ও আশির দশকে দ্য হিন্দুস্তান টাইমস ও দ্য ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বেশ কিছু সাহিত্য সাময়িকী এবং পত্রিকাও সম্পাদনা করেন। এগুলোর মধ্যে বিখ্যাত ছিল ইলাস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া।
১৯৮০ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত খুশবন্ত সিং লোকসভার সদস্য ছিলেন। ১৯৭৪ সালে তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পদক ‘পদ্মভূষণ’ অর্জন করেন। কিন্তু অমৃতসরের স্বর্ণমন্দিরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের প্রতিবাদে ১৯৮৪ সালে তিনি পদ্মভূষণ ফিরিয়ে দেন। ২০০৭ সালে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পদক ‘পদ্মবিভূষণ’-এ সম্মানিত হন তিনি।
খুশবন্ত সিং জীবনের শুরুর দিকে লাহোরে আইন পেশায় যুক্ত হন। কিন্তু দেশভাগের পর পেশা বদল করেন। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আইন পেশা ছেড়ে দিয়েছিলাম। কারণ, ভেবেছিলাম, লোকজনের ঝগড়া-ফ্যাসাদ মেটানো নিয়ে কাজ করে আমার পুরো জীবন নষ্ট করতে পারি না।’
১৯৪৭ সালে দিল্লি আসার পর কূটনৈতিক পেশায় যুক্ত হন খুশবন্ত। কিন্তু পরে হাঁপিয়ে ওঠেন। এরপর সাংবাদিকতা ও লেখালেখিতেই আত্মনিয়োগ করেন।
খুশবন্ত সিংয়ের মৃত্যুতে টুইটারে এক শোকবার্তায় দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ‘তিনি (খুশবন্ত) ছিলেন একজন সহজাত গুণসম্পন্ন লেখক, দিলখোলা ভাষ্যলেখক ও একজন প্রিয় বন্ধু। সত্যিকারের সৃজনশীল জীবনই যাপন করে গেছেন তিনি।’ প্রধানমন্ত্রী তাঁর বাসায় যান। শোক প্রকাশ করে বলিউড অভিনেতা শাহরুখ খান বলেন, ‘বিশ্বাস করতে পারছি না খুশবন্ত সিং আর নেই। তাঁর সাহিত্যকর্মের মধ্য দিয়ে প্রতিদিন আমাদের জীবন সমৃদ্ধ হয়েছে।’ আরেক সাহিত্যিক শোভা দে বলেছেন, ‘খুশবন্ত সিংয়ের মৃত্যুতে সাহিত্যজগতের একটি যুগের সমাপ্তি ঘটল।’ এএফপি, রয়টার্স ও এনডিটিভি।