চলে গেলেন বিশ্বখ্যাত সাংবাদিক ডেভিড ফ্রস্ট

ব্রিটেনের সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক স্যার ডেভিড ফ্রস্ট আজ রোববার আকস্মিক হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে তাঁর পরিবার।
‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, দীর্ঘ কর্মজীবনের ফ্রস্ট ষাটের দশকে তাঁর তৈরি অনেক ক্ষুরধার প্রতিবেদন ও গুরুত্বপূর্ণ সাক্ষাত্কারের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ফ্রস্ট তত্কালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাত্কার নিয়েছিলেন। চলতি বছরের জুন মাসে তিনি বাংলাদেশে আসেন। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্সে পরিদর্শন করেন।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ৭৪ বছর বয়সী ডেভিড ফ্রস্ট কুইন এলিজাবেথ নামের একটি প্রমোদতরিতে হঠাত্ হূদরোগে আক্রান্ত হন। ওই প্রমোদতরি ব্রিটেনের সাউথহ্যাম্পটন থেকে লিসবনে যাচ্ছিল।
১৯৯৩ সালে নাইট উপাধি পাওয়া ফ্রস্ট অনেক গুরুত্বপূর্ণ প্রতিবেদনের জন্য বিখ্যাত। তাঁর অন্যতম সাফল্য হলো, ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ওয়াটারগেট কেলেঙ্কারি নিয়ে করা প্রথম প্রতিবেদন।
ফ্রস্টের পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘স্যার ডেভিড ফ্রস্ট কুইন এলিজাবেথে এক বক্তৃতা দেওয়ার সময় গত রাতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তাঁর পরিবার শোকসন্তপ্ত এবং এ দুঃসময়ে সবার কাছ থেকে একান্ততা চাইছে। শিগগিরই এক পারিবারিক শেষকৃত্য অনুষ্ঠিত হবে এবং যথাসময়ে তাঁর স্মৃতিচারণা অনুষ্ঠানের সূচি সবাইকে জানিয়ে দেওয়া হবে।’
ফ্রস্টের মৃত্যুর ঘটনায় ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক টুইট পাঠিয়েছেন। পরে তিনি এক বিবৃতিও দেন। সেখানে তিনি ফ্রস্টের বিধবা স্ত্রী কারিনা ও পরিবারের বাকি সদস্যদের প্রতি সমবেদনা জানান।
ক্যামেরন আরও লিখেছেন: ‘স্যার ডেভিড ছিলেন এক বিশিষ্ট ব্যক্তি। তাঁর মনোহারিতা, মানসিক ক্ষিপ্রতা, মেধা, বোধশক্তি ও আন্তরিকতার কোনো তুলনা হয় না। টেলিভিশন ও রাজনীতির জগতে তাঁর ছিল বিপুল প্রতাপ। তিনি নিক্সনের যে সাক্ষাত্কারটি নিয়েছিলেন, সেটি ছিল প্রচারমাধ্যমের সেরা ক্ষণ। কিন্তু সেটির বাইরেও তাঁর অনেক অতুলনীয় কাজ আছে। তিনি সম্ভবত, এবং আমার বিচারে অবশ্যই, ছিলেন একাধারে একজন বন্ধু ও নির্ভীক সাক্ষাত্কার গ্রহণকারী।’
ফ্রস্টের ৩০ বছরের সহকর্মী মাইকেল গ্রেড বলেন, ‘তিনি (ফ্রস্ট) ছিলেন ব্রিটিশ প্রচারমাধ্যমের এক দিকপাল।’ তিনি ‘দ্য গার্ডিয়ান’কে বলেন, ‘ফ্রস্ট ছিলেন পর্দার (টিভি) প্রথম মহাতারকা এবং সত্যি বলতে, তিনি ছিলেন নিতান্তই টেলিভিশনের সৃষ্টি। দ্বিতীয়ত, তাঁর ছিল এক বিস্ময়কর বাণিজ্যজ্ঞান। তিনি ছিলেন একাধারে শিল্পী, সাংবাদিক, প্রযোজক ও উদ্যোক্তা। এ ধরনের দক্ষতা থাকে খুব কম মানুষের।’
তিনি আরও বলেন, ফ্রস্ট ছিলেন এমন ব্যক্তি যিনি নিক্সনের বিরুদ্ধে প্রতিবেদন করে তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন, আবার মনট্রেয়াক্স গোল্ডেন রোজ ফেস্টিভালে কৌতুক অভিনেতা হিসেবে পুরস্কার জেতেন।
২০০৮ সালে ‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া এক সাক্ষাত্কারে ফ্রস্ট তাঁর দক্ষতার কারণ সম্পর্কে বলেন, ‘যখন আপনি প্রয়োজনীয় উপকরণ ও প্রমাণাদি ছাড়াই একটি বিরুদ্ধ পরিবেশের মধ্যে আটকে যাবেন, তখন সেটিই আমার মতে সবেচেয়ে বিপদের বিষয়। আমার মনে হয়, (বাকিরা হুড়োহুড়ি করতে গিয়ে) এ ধরনের ভুলটি করে। আপনি জনগণের মুখ খোলার বদলে বন্ধ করে রাখতে চান। অথচ কাউকে খুব গুরুতর একটি প্রশ্ন করতে হলে আপনার উচিত সেটি এমনভাবে বলা যেন আপনি খোশগল্প করছেন।’
গ্রামার স্কুলের পড়াশোনা শেষ করে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। ছাত্রজীবনেই তিনি সাংবাদিকতা শুরু করেন। এ ছাড়া দ্য ফুটলাইটস থিয়েটারের কর্মীও ছিলেন। এরপর তিনি টেলিভিশনে কাজ করা শুরু করেন। ‘দ্যাট ওয়াজ দ্য উইক দ্যাট ওয়াজ’ অনুষ্ঠান উপস্থাপন করার কাজ তাঁকে খ্যাতি এনে দেয়। এ অনুষ্ঠানটি ছিল কার্যত এক রাজনৈতিক স্যাটায়ার অনুষ্ঠান।
১৯৬২-৬৩ সালে এ অনুষ্ঠানটি বিবিসিতে প্রচারিত হলেও পরে নির্বাচন এগিয়ে আসায় সেটির সম্প্রচার বন্ধ রাখা হয়। ধারণা করা হচ্ছিল, এ অনুষ্ঠানটি ভোটারদের ওপরে খুব বেশি প্রভাব ফেলবে। তবে এরপর ফ্রস্ট যুক্তরাষ্ট্রে একই ধরনের আরেকটি অনুষ্ঠান করতে থাকেন।
এভাবে ফ্রস্ট ইউরোপ ও আমেরিকার নিয়মিত টিভি মুখে পরিণত হন। ফ্রস্ট যখন তাঁর অনুষ্ঠানে মোহিনী কণ্ঠে ‘হ্যালো, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম’ বলে সম্ভাষণ জানাতেন, তখন তা হাজারো মানুষকে আকর্ষণ করত।
তিনি কিছুদিন আইটিভিতে কাজ করে ১৯৯৩ সালে বিবিসিতে ফিরে যান। ২০০৫ সাল পর্যন্ত তিনি সেখানে কর্মরত ছিলেন। তিনি ১৯৬০-এর দশকে ‘ব্রেকফাস্ট উইথ ফ্রস্ট’ নামের যে অনুষ্ঠানে উপস্থাপনা করতেন, বিবিসিতে ফিরে তা আবার শুরু করেন। ২০০৫ সাল পর্যন্ত তা চলেছিল। এরপর তিনি আল জাজিরা টেলিভিশনে চলে যান এবং বিভিন্ন ব্যক্তিত্ব, বিশেষ করে রাজনৈতিক নেতাদের সাক্ষাত্কারের একটি অনুষ্ঠান পরিচালনা করতেন।