চলে গেলেন 'দ্য কুইন অব সোল'

মার্কিন সংগীতশিল্পী আরিথা ফ্রাঙ্কলিন মারা গেছেন। মার্কিন সংগীতে ব্যতিক্রমধারা সৃষ্টির কারণে তাঁকে ‘দ্য কুইন অব সোল’ বলা হতো। বৃহস্পতিবার ডেট্রয়েডে মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর।
বিবিসির খবরে বলা হয়, ২০১০ সালে আরিথা ফ্রাঙ্কলিনের ক্যানসার ধরা পড়ে। এরপর চিকিৎসা শেষে আবার মঞ্চে ফেরেন। চিকিৎসকেরা বারবার তাঁকে মঞ্চে গান না গাইতে অনুরোধ করেন। তিনি তা না শুনে ২০১৭ সালে আবার মঞ্চে গান শুরু করেন। যুক্তরাজ্যের শিল্পী স্যার এলটন জনের ফাউন্ডেশনের ২৫তম বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের সেন্ট জন ক্যাথেড্রালে গত বছরের নভেম্বরে সর্বশেষ অনুষ্ঠান করেছিলেন তিনি। এরপর অবসরের যান। সুর ও কণ্ঠ দিয়ে বিশ্ববাসীর হৃদয় দখল করে নিয়েছিলেন এই সুরের রানী।
ফ্রাঙ্কলিনের পরিবার জানায়, ‘আমাদের ব্যথা প্রকাশের মতো অবস্থায় আমরা নেই। আমরা পরিবারের সুর ও শক্তিকে হারিয়ে ফেলেছি। সন্তান, নাতি-নাতনি, ভাইপো-ভাইজি এবং কাজিনদের প্রতি তাঁর ভালবাসা ছিল সীমাহীন।’
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাডভান্স প্যানক্রিয়েটিক ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আরিথা ফ্রাঙ্কলিন।
এলটন জন ইনস্ট্রাগ্রামে লিখেছেন, ‘ফ্রাঙ্কলিনকে হারানো সত্যিকারের সংগীতকে ভালোবাসা প্রত্যেকের জন্য কষ্টের। তাঁর সুর ছিল অনন্য, পিয়ানোতে ঝড় তুলতেন তিনি। ঈশ্বর তাঁর প্রতি সহায় হোন।’
ফ্রাঙ্কলিন ১৮ বার জিতেছিলেন গ্র্যামি অ্যাওয়ার্ড। ইউএস বিলবোর্ড হট ১০০-তে ৭৭ বার এসেছিল তাঁর নাম। আরঅ্যান্ডবি চার্টেও ২০ বার এসেছিলেন তিনি। তার বিশ্বখ্যাত গানগুলো হলো ‘রেসপেক্ট, ‘ইউ মেইক মি ফিল লাইক’, ‘চেইন অব ফুল’, ‘থিংক’, ‘আই নো ইউ ওয়ার ওয়েটিং (ফর মি)’।