চসেস্কুর মৃত্যুদণ্ডের স্থানটি এখন জাদুঘর

রুমানিয়ার সাবেক কমিউনিস্ট স্বৈরশাসক নিকোলাই চসেস্কু ও তাঁর স্ত্রী এলিনার মৃত্যুদণ্ড যেখানে কার্যকর করা হয় সেই জায়গাটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।
১৯৮৯ সালের ২২ ডিসেম্বরের ঘটনা। রুমানিয়ার রাজধানী বুখারেস্টে কমিউনিস্ট পার্টির সদর দপ্তরের বাইরে আন্দোলনকারী বিক্ষুব্ধ জনতা জমায়েত হলে চসেস্কু ও তাঁর স্ত্রী হেলিকপ্টারে করে পালিয়ে যান। পরে তাঁরা সেনাবাহিনীর হাতে ধরা পড়েন। তাঁদের বুখারেস্ট থেকে ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত তারগোভিস্তে সেনাবাহিনীর একটি ইউনিটে নেওয়া হয়। সেখানে সংক্ষিপ্ত বিচারে ক্ষমতাচ্যুত দম্পতিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২৫ ডিসেম্বর গুলি করে সেই দণ্ড কার্যকর করা হয়। এর মধ্য দিয়ে অবসান ঘটে চসেস্কুর দুই দশকের স্বৈরশাসনের।
তারগোভিস্তে সেনাবাহিনীর ওই ইউনিটের ব্যারাকটিকে এখন জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। আগামী মাসের শুরুতেই এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।
চসেস্কুর সময় রুমানিয়ায় বাক্স্বাধীনতা বলে কিছু ছিল না। ক্ষমতাসীনদের যেকোনো ধরনের সমালোচনাই নিষ্ঠুর হাতে দমন করা হতো। চসেস্কু ও এলিনার হত্যাকাণ্ডের ঘটনা ১৯৮৯ সালে মধ্য ও পূর্ব ইউরোপজুড়ে বয়ে যাওয়া বিপ্লবের অন্যতম প্রতীকী ঘটনা হিসেবে পরিচিত।
জাদুঘরের পরিচালক ওভিদিয়ু কারস্তিনা বলেছেন, ‘অনেক রুমানীয় ও বিদেশি বলেন, যে দেওয়ালে ঠেকিয়ে চসেস্কু ও তাঁর স্ত্রী এলিনাকে গুলি করে মারা হয় সেটি তাঁরা দেখতে চান।’ এএফপি।