চা ও 'চাওয়ালা' বিতর্ক
আসামের চায়ের শহর নামে খ্যাত জোড়হাটে কংগ্রেস ও বিজেপির মধ্যে অন্য রকম রাজনৈতিক লড়াই জমে উঠেছে। আর সেটি ‘চাওয়ালা’ বিতর্কের বেশি কিছু। চা-শ্রমিকদের মন জয় করে কংগ্রেসের দুর্গে আঘাত হানতে চাইছে বিজেপি।
এ টি রোডের পাইকারি বাজারে হিন্দিভাষী ব্যবসায়ীদের উপস্থিতি বেশি। তাই সেখানে অনেক চায়ের দোকানে যে কেউ ‘মোদি ফ্লেভার’ পাবেন। বিজেপি মনোনীত প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির পোস্টারে ছেয়ে গেছে আশপাশের দেয়াল। ঘটনাচক্রে সেখানে মোদি কমপ্লেক্স নামের একটি বাণিজ্যিক ভবনও রয়েছে। আর স্থানীয় পানওয়ালার দোকানে ‘বানারসি পান’ থাকুক আর না থাকুক, মোদির ছোঁয়া অবশ্যই পাওয়া যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক পানওয়ালা বলেন, ‘মোদি চা’ পানের পর প্রত্যেকেই তাঁর গুণকীর্তন করে।
জোড়হাটের জনগণ গত আড়াই দশক ধরে নিয়মিতভাবেই কংগ্রেসকে ভোট দেন। শহরটিকে কংগ্রেসের ঐতিহ্যবাহী ঘাঁটি বলেই ধরে নেওয়া হয়। চায়ের দোকানগুলোতে গল্পগুজবের আড়ালে মূল লড়াইটি হয় স্থানীয় চা-শিল্পে যুক্ত কয়েক লাখ শ্রমিকের ভোট পাওয়ার বিষয়টি নিয়ে। সেখানকার উপজাতি চা-শ্রমিকেরা জোড়হাটের মোট ভোটারের প্রায় ৩০ শতাংশের প্রতিনিধিত্ব করেন। বিজেপি এবার সেখানে ইতিহাস বদলে দিতে চায়। দলটি এবার স্থানীয় চা-শ্রমিক সম্প্রদায় থেকে প্রার্থী দিয়েছে। জোড়হাট আসন থেকে বিজেপির প্রার্থী কামাখ্যা প্রসাদ টাশা এখন মোদির ‘চাওয়ালা’ জীবনের ইতিহাস সামনে তুলে ধরে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। এনডিটিভি।