চা-বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

বাসস্ট্যান্ডের পাশে এক ব্যস্ত চায়ের দোকান। সেই দোকান চালাতে ভাইকে সাহায্য করত ছেলেটি। দোকানের পাশেই একটি রাজনৈতিক দলের কার্যালয়। সেখানে গিয়ে নেতাদের আলোচনা শুনত ছেলেটি। ক্রমে রাজনীতির প্রতি আকৃষ্ট হয় সে। বড় হয়ে পুরোদস্তুর রাজনীতিক বনে যায়। আজ জনসংখ্যার বিচারে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা হাতছানি দিচ্ছে তাঁকে।
গল্পের মতো এ উত্থান গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির (৬২)। বর্ষীয়ান নেতা আদভানিসহ কয়েকজনের বিরোধিতা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সাধারণ নির্বাচনে তাঁকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।
ষাটের দশকে পুরোনো আহমেদাবাদের গীতামন্দির বাসস্ট্যান্ডের কাছেই ছিল মোদির ভাইয়ের চায়ের দোকান। সেখানেই ভাইকে সাহায্য করতেন মোদি। এর পাশেই ছিল ডানপন্থী আরএসএসের রাজ্য সদর দপ্তর। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র মোদি মাঝে মাঝে সেখানে যেতেন। একসময় আরএসএসের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগ দেন রাজনীতিতে। আশির দশকে বিজেপিতে যোগ দেন মোদি। একপর্যায়ে রাজ্য বিজেপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। ২০০১ সালে বিজেপির নেতা ও গুজরাটের মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের বিরুদ্ধে দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ উঠলে তাঁকে সরিয়ে মোদিকে দায়িত্ব দেয় বিজেপি নেতৃত্ব। এর পর থেকে রাজ্যটির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। ইতিমধ্যে নিজেকে ভারতের অন্যতম সফল মুখ্যমন্ত্রী হিসেবে প্রমাণিত করেছেন। তবে গুজরাটের ২০০২ সালের সাম্প্রদায়িক দাঙ্গা তাঁর সাফল্যে একটি বড় কলঙ্কের দাগ লেপে দিয়েছে। অভিযোগ আছে, মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকলেও দাঙ্গা দমনে ব্যবস্থা গ্রহণ করেননি তিনি। মোদি অবশ্য নিজে এখনো জোরের সঙ্গেই ওই ঘটনায় তাঁর দায়িত্ব অস্বীকার করে আসছেন। টানা চতুর্থ মেয়াদে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
মোদির জনপ্রিয়তাও কম নয়। প্রশাসক হিসেবে সাফল্যের কারণে অনেকে তাঁর প্রশংসায় পঞ্চমুখ। বিশ্লেষকেরা বলছেন, তাঁকে মনোনয়ন দিয়ে দল ঝুঁকিতে পড়ল। গুজরাট দাঙ্গায় মোদির বিতর্কিত ভূমিকার কারণে বিজেপির বাক্সে মুসলিম ভোট খুবই কম পড়বে। টাইমস অব ইন্ডিয়া ও বিবিসি।