চা-শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট অঞ্চলের চা-শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ এবং গ্রেপ্তার হওয়া নেতাদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা।

গতকাল শুক্রবার প্রবাসী মানবাধিকারকর্মী, প্রাক্তন ছাত্রনেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, বাংলাদেশের চা-শ্রমিকেরা বিশ্বের অতিদরিদ্র শ্রমিক হিসেবে পরিচিত। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যূনতম মজুরি না দিয়ে দাস হিসেবে চা-শ্রমিকদের শোষণ করা হচ্ছে। মানবাধিকারের প্রতি সামান্যতম তোয়াক্কা না করেই চা-শ্রমিকদের নানাভাবে নির্যাতন করা হচ্ছে।

বিবৃতিদাতাদের ভাষ্য, সিলেটে চা-শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে আন্দোলনকারী সংগঠকদের গ্রেপ্তার করা হয়েছে। আন্দোলনরত শ্রমিকদের নানাভাবে নির্যাতন করা হচ্ছে।

গ্রেপ্তার হওয়া সংগঠকদের মুক্তি ও নির্যাতন বন্ধ না হলে প্রবাস থেকে চা-শ্রমিকদের জন্য আন্দোলন গড়ে তোলা হবে বলে বিবৃতিদাতারা জানিয়েছেন।

এ ছাড়া চা-শ্রমিকদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ করারও ঘোষণা দেওয়া হয়েছে বিবৃতিতে।