চাঁদে ও মঙ্গলে মানুষ পাঠাবে রাশিয়া
রাশিয়ার সমস্যাকবলিত মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস চাঁদে ও মঙ্গলগ্রহে মানুষ পাঠাবে। এ ছাড়া মঙ্গলে গবেষণাগার স্থাপনেরও পরিকল্পনা করছে সংস্থাটি। দৈনিক কমারসান্ত পত্রিকার এক খবরে এ তথ্য প্রকাশ করা হয়।খবরে বলা হয়, উচ্চাকাঙ্ক্ষী এ প্রকল্পটি চলতি মাসেই সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। এই প্রকল্প ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে। তবে প্রকল্পের ব্যয় কীভাবে মেটানো হবে এ বিষয়ে কিছু জানায়নি সংস্থাটি। ২০২০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে পাল্লা দিতে বিদেশ থেকে রকেট কিনছে রাশিয়া। সমপ্রতি মহাকাশে একাধিক কৃত্রিম উপগ্রহ পাঠাতে গিয়ে ব্যর্থ হয় রাশিয়া। এ ছাড়া মঙ্গলগ্রহ নিয়ে গবেষণার জন্য গত বছর উৎক্ষেপণ করা একটি উপগ্রহও বিধ্বস্ত হয়। এসব ব্যর্থতা জয় করতে চায় রসকসমস। এ লক্ষ্যে প্রযুক্তির অগ্রগতি ও আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। এ ছাড়া বাজেটের ওপর অতিরিক্ত বোঝা না চাপিয়ে গবেষণা প্রকল্পের জন্য বিদেশ থেকে তহবিল সংগ্রহ করা হতে পারে। এএফপি।