চাঁদে মার্কিন পতাকাগুলো এখনো দাঁড়িয়ে আছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদের মাটিতে অ্যাপোলো নভোচারীদের পুঁতে রেখে আসা মার্কিন পতাকাগুলো এখনো যথারীতি দাঁড়িয়ে আছে। মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্র নাসার একটি মহাকাশযান থেকে তোলা ছবিতে অ্যাপোলো-১১ মিশনে পুঁতে রেখে আসা পতাকাটি ছাড়া বাকি মিশনের সবগুলো পতাকার দাঁড়ানো অবস্থায় থাকার প্রমাণ পাওয়া গেছে। লুনার রিকনাইসেন্স অর্বিটার (এলআরও) নামের ওই মহাকাশযানের তোলা ছবিতে দেখা যায়, চন্দ্রপৃষ্ঠে পতাকাগুলোর ছায়ার প্রক্ষেপণ দেখা যাচ্ছে। তবে অ্যাপোলো-১১ অভিযানের সময় পোঁতা পতাকাটির কোনো ছায়া দেখা যায়নি। কথিত আছে, অভিযান শেষ করে বিজ্ঞানী এডুইন অলড্রিন অ্যাপোলো-১১ যানটি নিয়ে যখন চাঁদের মাটি থেকে উড্ডয়ন করছিলেন, তখন অলড্রিনের পুঁতে রাখা পতাকাটি মহাকাশযানের ইঞ্জিনে লেগে নষ্ট হয়ে যায়। এলআরও যে ছবি পাঠিয়েছে তা অলড্রিনের পতাকা নষ্ট হওয়ার ঘটনার সত্যতাকে আরও জোরালো করেছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। প্রতিটি অ্যাপোলো অভিযানেই চাঁদের মাটিতে একটি করে মার্কিন পতাকা পুঁতে আসা হয়। এর আগে বিজ্ঞানীরা পতাকা পোঁতার সেই জায়গাগুলোর ছবি পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন, চন্দ্রপৃষ্ঠে ছায়া আছে। তবে তাঁরা এই ছায়ার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি।কিন্তু এখন বিজ্ঞানীরা দিনের বেলা বিভিন্ন দিক থেকে চন্দ্রপৃষ্ঠের ওই জায়গাগুলোর ছবি তুলে গবেষণা করে দেখেছেন, যেখানে পতাকাগুলো পোঁতা হয়েছিল সেই জায়গাগুলোকে কেন্দ্র করে ছায়া আবর্তিত হচ্ছে। এলআরও মহাকাশযানের ক্যামেরা বিভাগের (এলআরওসি) প্রধান বিজ্ঞানী অধ্যাপক মার্ক রবিনসন বলেন, এলআরওসির তোলা ছবির মাধ্যমে এটা নিশ্চিত যে চাঁদে মার্কিন পতাকাগুলো এখনো দণ্ডায়মান আছে এবং এর প্রতিটি স্থানে ছায়া পড়ছে। কেবল অ্যাপোলো-১১ অভিযানের সময় পোঁতা পাতাকাটির জায়গাটিতেই কোনো ছায়া নেই।অ্যারিজোনো স্টেট ইউনিভার্সিটির এই বিজ্ঞানী বলেন, ‘সবচেয়ে বিশ্বাসযোগ্য দিক এই যে সেখানে এখনো পতাকাগুলো রয়েছে। তা ছাড়া দিনের বিভিন্ন সময় তোলা ছবিগুলোতে সময়ের পরম্পরার বিষয়টি ফুটে উঠেছে। পতাকা ঘিরে ছায়া আবর্তিত হওয়ার বিষয়টি তো আছেই।’ তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি বিস্মিত এই ভেবে যে পতাকাগুলো তীব্র অতিবেগুনি রশ্মি ও চন্দ্রপৃষ্ঠের তাপের মধ্যেও টিকে আছে। ’২০০৯ সালের সেপ্টেম্বরে চাঁদের কক্ষপথে এলআরও তার অভিযান শুরু করে। চাঁদে খনিজ ও অন্যান্য সম্পদের অনুসন্ধান চালানোটাই এর মূল উদ্দেশ্য। তা ছাড়া ভবিষ্যৎ চন্দ্র অভিযানের সময় মহাকাশযানের নিরাপদ অবতরণের জায়গাগুলো শনাক্ত করাটাও ছিল এই অভিযানের উদ্দেশ্য। সেই লক্ষ্যে চন্দ্রপৃষ্ঠের পুরো মানচিত্র তৈরি করে যাচ্ছে এলআরও। বিবিসি।