চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চীনের চন্দ্রযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড্ডয়নের আট দিন পর চীনের দ্বিতীয় চন্দ্রযান গতকাল শনিবার চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।বেইজিংয়ের মহাকাশযান নিয়ন্ত্রণ সংস্থার বরাত দিয়ে সিনহুয়া জানায়, চ্যাং ই-২ চন্দ্রযানটি শিগগিরই বৈজ্ঞানিক গবেষণা শুরু করবে। যানটি প্রথমে প্রায় ১০০ কিলোমিটার দূর দিয়ে চাঁদকে প্রদক্ষিণ করবে। পরে ধীরে ধীরে এ দূরত্ব কমিয়ে আনবে। একপর্যায়ে চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার ওপর দিয়ে উড়ে বেড়াবে এই যান। আগামী ছয় মাস চন্দ্রপৃষ্ঠ নিয়ে নানা ধরনের পরীক্ষা চালাবে। মনুষ্যবিহীন যান পাঠানোর প্রস্তুতি হিসেবে চীন এ ধরনের অভিযান অব্যাহত রেখেছে। ২০১৩ সালে চ্যাং ই-৩ নামে মনুষ্যবিহীন চন্দ্রযান পাঠানোর পরিকল্পনা রয়েছে চীনের। যানটি চাঁদের মাটিতে অবতরণ করবে।চাঁদ জয়ের দৌড়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরই রয়েছে চীন। দেশটি ২০০৭ সালে প্রথম চন্দ্র গবেষণায় যান পাঠায়। এএফপি।