চাকরিপ্রার্থীদের সহায়তায় প্রোগ্রামের উদ্বোধন

স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে, কাজের স্পৃহা দেয়। কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যে সমৃদ্ধ জীবনের স্বপ্ন নিয়ে আপনজনদের পেছনে রেখে সুদূর কানাডায় এসে অনেকেই সম্মুখীন হোন স্বপ্নভঙ্গের বেদনার। নিজের শিক্ষা আর অভিজ্ঞতা অনুযায়ী একটি চাকরি পাওয়া যেন অনেকের কাছেই সোনার হরিণ হয়ে থেকে যায়। পদে পদে শত বাধা একসময় স্বপ্ন দেখাকেও দুরূহ করে তোলে। চাকরি প্রাপ্তির পথে এই সব বাধাগুলো দূর করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সেন্টারকে (বিসিসিএস) সঙ্গী করে বাংলাদেশি-কানাডীয় কমিউনিটির অতি পরিচিত মুখ সমাজকর্মী রিজওয়ান রহমান এবার চালু করলেন ভিন্নধর্মী এক এমপ্লয়মেন্ট সাপোর্ট প্রোগ্রাম।
১২ আগস্ট ড্যানফোর্থ অ্যাভিনিউয়ে বাংলাদেশ সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হলো এই এমপ্লয়মেন্ট সাপোর্ট প্রোগ্রামের উদ্বোধন। এতে অংশ নেন টরন্টো সিটি কাউন্সিলর জেনেট ডেভিস, টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের ট্রাস্টি প্রার্থী কানডাভেল, প্রকল্পের সঙ্গে জড়িত মেন্টর্স, স্পনসর ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন বিসিসিএসের প্রেসিডেন্ট হাসিনা কাদের। তিনি বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন সেবার বিবরণ দেন। তরুণদের সামাজিক, সাংস্কৃতিক ও গঠনমূলক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত করতে গঠিত ইয়ুথ এনগেজমেন্ট ইনিশিয়েটিভ, সিনিয়রস প্রোগ্রামসহ আরও অনেক কল্যাণমূলক প্রোগ্রামের কথা তুলে ধরে তিনি কমিউনিটির সদস্যদের এই সব প্রোগ্রামে অংশগ্রহণের আহ্বান জানান।
এমপ্লয়মেন্ট প্রোগ্রামের উপদেষ্টা ও বিসিসিএসের পরিচালক সৈয়দ আবদুল গফ্ফার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে মনোবল বৃদ্ধির জন্য সবাইকে ধন্যবাদ জানান। প্রোগ্রামটির ব্যাপারে জানাতে গিয়ে রিজওয়ান বলেন, এই প্রোগ্রামটি চারটি ধাপে হবে। প্রথম ধাপ হচ্ছে বিভিন্ন পত্রিকা, ফেসবুক ও অন্যান্য প্রচারমাধ্যমে এই প্রোগ্রামটির ব্যাপারে কমিউনিটিকে জানানো আর চাকরি প্রার্থীদের কাছ থেকে তাঁদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা। ই-মেইলে জীবনবৃত্তান্ত পাঠানো যাবে, ই-মেইল ঠিকানা: [email protected]। প্রায় ৫ সপ্তাহ ধরে চলবে এই জীবনবৃত্তান্ত সংগ্রহ আর বাছাই। এরপর মেন্টরদের বৈঠকে এগুলো চাকরি প্রার্থীদের শিক্ষা আর অভিজ্ঞতা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হবে ।
রিজওয়ান বলেন, দ্বিতীয় ধাপে চাকরি প্রার্থীদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ প্রশিক্ষণ মূলত হবে ‘জব স্পেসিফিক’ জীবনবৃত্তান্ত, নেটওয়ার্কিং, ইফেক্টিভ জব সার্চ, প্রফেশনাল কনভারসেশন অ্যান্ড এ টিকেটসহ আরও আবশ্যকীয় বিষয়ের ওপর। এসব কর্মশালা পরিচালনা করবেন মেন্টর্স সদস্যরা। রিজুয়ানের মতে, এই কর্মশালাগুলো নেটওয়ার্কিংয়ের সুযোগ করে দেবে। কারণ এসব কর্মশালা যাঁরা পরিচালনা করবেন, তাঁরাও কানাডার বিভিন্ন বড় কোম্পানির কর্মকর্তা।
রিজওয়ান বলেন, প্রোগ্রামের তৃতীয় ধাপ হবে একটি আনুষ্ঠানিক নৈশভোজ, যেখানে আমন্ত্রিত হবেন প্রথম দুই ধাপে অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা। আর আসবেন কানাডার বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তারা। আমন্ত্রিত এই দুই ধরনের অতিথিরা অনুষ্ঠানটিতে বিনা মূল্যে অংশ নেবেন। এই নৈশভোজে আসা চাকরিপ্রার্থীদের সবচেয়ে বড় সুবিধা হবে, তাঁরা একই জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে কর্মরত অনেক কর্মকর্তার সঙ্গে পরিচিত হবেন, নিজেদের যোগ্যতা আর অভিজ্ঞতার কথা আলোচনা করার সুযোগ পাবেন। নৈশভোজের পর এক সপ্তাহে মেন্টররা সিদ্ধান্ত নেবেন, তাঁদের মধ্যে কে কে চাকরিপ্রত্যাশী কাকে কাকে সরাসরি মেন্টর করবেন। একইভাবে আগত চাকরিপ্রার্থীদের কাছেও জানতে চাওয়া হবে, তাঁরা কাকে তাদের মেন্টর হিসাবে পেতে চান। দুই পক্ষের আগ্রহ জেনে এবং এর মধ্যে সমন্বয় করে আয়োজকেরা তাঁদের সিদ্ধান্ত চাকরিপ্রার্থীদের জানাবেন। এর পর মেন্টর আর মেনটিরা নিজেরা যোগাযোগ করে ঠিক করে নেবেন, কীভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত।
সমাজকর্মী রিজওয়ান বলেন, প্রোগ্রামের শেষ ধাপটি হবে চাকরি মেলা। আয়োজকেরা আশা করছেন, অন্তত ১০ থেকে ১৫টি সংস্থার অংশগ্রহণে একটি জব ফেয়ার আয়োজন করবেন। এ রকম হয়ে যাওয়া অন্যান্য চাকরির মেলার সঙ্গে এর পার্থক্য কী জানতে চাইলে রিজওয়ান বলেন, দুঃখজনক হলেও সত্যি, অনেক মেলায় চাকরি দেওয়ার উদ্দেশ্যে আসা সংস্থার চেয়ে প্রচারণা চালাতে আসা সংস্থার সংখ্যাই বেশি দেখা যায়। তাঁদের এই মেলার উদ্দেশ থাকবে, প্রকৃতই চাকরিতে নিয়োগ দেবে এমন প্রতিষ্ঠানকে নিয়ে আসা। প্রথম আয়োজন সফল হলে তাঁরা পুরো প্রোগ্রামটি বছরে ২ থেকে ৩ বার পরিচালনা করতে পারবেন।
পুল অফ মেনটর্স-এ সদস্য হিসাবে আছেন জনসন অ্যান্ড জনসন, অ্যাপোটেক্স, জ্যানসেন ইনক, ওয়ালমার্ট, সোবেইস, প্রাইসওয়াটারকুপার, এডিডাস কানাডা, লওস কানাডা, স্কশিয়া ব্যাংক, আরবিসি ব্যাংক, সিআইবিসি ব্যাংক, টিডি ব্যাংক, রেজিস্টার্ড নার্সিং ও রেডিসন হোটেলের কর্মকর্তারা। পুরো প্রোগ্রামটিতে স্পনসর হিসাবে আছেন রিয়েল এস্টেট ব্রোকার মানিক চন্দ, রিয়েল এস্টেট এজেন্ট এনামুল হক, ব্যারিস্টার ওয়াসিম আহমেদ ও গ্লোবাল সিটিজেন প্রোপার্টি অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ইনক।
অনুষ্ঠানে মেন্টরদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তৃতা করেন সোবিস কানাডার ব্যবস্থাপক (অর্থ) ফাহাদ রফিক, এডিডাসের কর্মকর্তা রাভি মেহ্তা, লো’স কানাডার ব্যবস্থাপক (পরিকল্পনা) গিজেম ওজডেমির, এপটেক্স ফার্মাসিউটিক্যালসের বিজনেস এনালিস্ট নায়লা আহমেদ। মেন্টরদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্কশিয়া ব্যাংকের বিপ্লব কর, জ্যানসেনের মারিয়া রুবিয়ানো, জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের অধীনে রিমোট রিসার্চ ডাটা এনালিস্ট অজন্তা চৌধুরী, প্রাইসওয়াটারকুপারের ইকবাল হোসাইন, রেজিস্টার্ড নার্স সাবিনা বারী লাকী। কমিউনিটির পক্ষ থেকে বক্তৃতা করেন ঘরোয়া রেস্টুরেন্টের মালিক সৈয়দ সামসুল আলম ও নওশের আলী। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রাইফাহ নাজাহ খান। এই প্রোগ্রামের অংশগ্রহণে আগ্রহী চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে বলে জানান প্রোগ্রাম লিডার রিজওয়ান রহমান। বিজ্ঞপ্তি