চাকরির আবেদনপত্র সংগ্রহ করতে চার দিন আগে লাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির জন্য আবেদনপত্র সংগ্রহ করতে চার দিন আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক প্রতিষ্ঠানের আশপাশে ঘাঁটি গেড়ে বসেন চাকরিপ্রার্থীরা। নগরের এস্টোরিয়ায় চাকরিদাতা প্রতিষ্ঠানটির ভবন ঘিরে তাঁবু খাটিয়ে অবস্থান করেন তাঁরা। বহুতল ভবনটির বৈদ্যুতিক সিঁড়ি ব্যবস্থাপনা কোম্পানিতে ১০০টি শিক্ষানবিশ পদে লোক নেওয়া হবে এবং সোমবার সকাল সাড়ে নয়টায় আবেদনপত্র নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি দেওয়ার পর চাকরিপ্রার্থীরা ওই প্রতিষ্ঠানের পাশে তাঁবু খাটিয়ে অবস্থান করতে থাকেন। ১০০টি পদের জন্য ৭৫০টি আবেদনপত্র দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।বিজ্ঞপ্তি প্রকাশের পর শুক্রবার বিকেল থেকে ভবনটির সামনে চাকরিপ্রার্থীরা এসে জড়ো হতে শুরু করেন। সঙ্গে তাঁবু ও বিছানাপত্র নিয়ে আসেন তাঁরা। রোববার রাত পর্যন্ত প্রায় এক মাইল লম্বা তাঁবুর সারি তৈরি হয়। তাঁবুতেই আহার করে রাত যাপন করেন চাকরির জন্য মরিয়া এসব মানুষ।বেকারত্বের দিক থেকে যুক্তরাষ্ট্রের নগরগুলোর মধ্যে নিউইয়র্ক অন্যতম। চলমান অর্থনৈতিক মন্দার কারণে নিউইয়র্কে বেকারত্বের হার এখন ১০ শতাংশের কাছাকাছি। তিন-চার দিন আগে থেকে তাঁবু খাটিয়ে চাকরির আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য লাইন দেওয়ার এমন ঘটনা এর আগে এখানে চোখে পড়েনি কখনো।তাঁবু খাটিয়ে চাকরির আবেদনপত্র সংগ্রহ করতে যাঁরা অপেক্ষা করছিলেন, তাঁদের একজন জোসেফ কাপুটো (২০) জানান, মন্দার এ সময় নিউইয়র্ক নগরে চাকরি পাওয়া সত্যিই সোনার হরিণ। চাকরিদাতা প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, চাকরিতে যাঁরা বহাল হবেন তাঁরা জনপ্রতি ঘণ্টায় ১৪ থেকে ১৬ ডলার মজুরি পাবেন।