চাদে দুর্নীতির দায়ে দুই মন্ত্রী বরখাস্ত
মধ্য আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্ট ইদরিস দেবি নিরাপত্তার দায়িত্বে থাকা দুই মন্ত্রীকে গত বৃহস্পতিবার বরখাস্ত করেছেন। পুলিশ বাহিনীতে নিয়োগে ঘুষ নেওয়া, পক্ষপাতিত্ব ও ক্ষমতার অপব্যবহারের দায়ে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। রাষ্ট্রীয় বেতারের খবরে এ কথা জানানো হয়। বরখাস্ত হওয়া দুই মন্ত্রী হলেন: জননিরাপত্তামন্ত্রী আহমাদ মোহাম্মদ বাশির ও আঞ্চলিক প্রশাসনমন্ত্রী বাশার আলী সুলায়মানি। এর আগে প্রেসিডেন্ট একই অভিযোগে পুলিশ বাহিনীর প্রায় ছয় হাজার সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেন। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, পুলিশ বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে ওই দুই মন্ত্রী পক্ষপাত করেছেন। তাঁরা যোগ্যতায় ঘাটতি থাকা লোকজনকে নিয়ে এসে পুলিশে চাকরির ব্যবস্থা করতেন।এ ঘটনার পর চাদের প্রেসিডেন্ট ইদরিস দেবি একটি পর্যালোচনা কমিশন গঠন করেছেন। এক মাসের মধ্যে ওই কমিশন সব পুলিশ সদস্যের বিষয়ে তথ্য নেবে এবং তাঁদের চাকরির যোগ্যতা সঠিক কি না, তা জানাবে। গত বছরের ফেব্রুয়ারিতেও দুর্নীতির অভিযোগে এক মন্ত্রীকে বরখাস্ত করেন ইদরিস। রয়টার্স।