চাপ অব্যাহত, শরণার্থী গ্রহণে নমনীয় ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ক্যামেরন। ফাইল ছবি
ডেভিড ক্যামেরন। ফাইল ছবি

অব্যাহত চাপের মুখে আরও কিছু সিরিয়ার শরণার্থীকে আশ্রয় দিতে রাজি হয়েছে যুক্তরাজ্য। পর্তুগাল সফরকালে দেশটির রাজধানী লিসবনে দেওয়া এক ভাষণে আজ শুক্রবার যুক্তরাজ্যের রক্ষণশীল প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ কথা জানান।
ডেভিড ক্যামেরন বলেন, যুক্তরাজ্য আরও কয়েক হাজার সিরিয়ান শরণার্থীকে আশ্রয় দেবে। ঠিক কী পরিমাণ শরণার্থীকে আশ্রয় দেওয়া হবে সে সংখ্যা উল্লেখ করেননি তিনি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, যারা আশ্রয়ের খোঁজে ইতিমধ্যে ইউরোপে প্রবেশ করেছে তারা নয়, বরং যারা সিরিয়ান সীমান্তবর্তী দেশগুলোতে জাতিসংঘের শরণার্থী শিবিরগুলোতে অবস্থান করছে, সেখান থেকে এই অতিরিক্ত শরণার্থী আনা হবে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাকে উদ্ধৃত করে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য আরও চার হাজার সিরিয়ান শরণার্থীকে আশ্রয় দেবে। গত বুধবার ক্যামেরন বলেছিলেন, আশ্রয় দেওয়াটা শরণার্থী সমস্যার কোনো সহজ সমাধান নয়।
এরপর গতকাল বৃহস্পতিবার তুরস্ক সীমান্ত¯সৈকতে মুখ থুবড়ে পড়ে থাকা ছোট্ট শিশু আয়লান কুর্দীর পড়ে থাকা নিথর দেহের দৃশ্য ইউরোপিয়ান দেশগুলোর মানবাধিকারবোধকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করে। সবচেয়ে বেশি সমালোচিত হয় যুক্তরাজ্য সরকার। শরণার্থী প্রশ্নে সরকারের অবস্থানের কড়া সমালোচনা করে ক্যামেরনের কাছে চিঠি লেখেন স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী (ফার্স্ট মিনিস্টার) নিকোলা স্টারজিয়ন। চিঠিতে তিনি জানান, প্রাথমিকভাবে স্কটল্যান্ড এক হাজার শরণার্থীকে আশ্রয় দিতে প্রস্তুত। লেবার দলীয় সাবেক হোম সেক্রেটারি ডেভিড ব্লানকেট আগামী ছয় মাসের মধ্যে ২৫ হাজার শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

অন্যদিকে ইংল্যান্ডের একটি স্থানীয় কর্তৃপক্ষ ব্রিস্টল কাউন্সিলের মেয়র অনুরোধ জানিয়েছেন যে, স্থানীয় বাসিন্দারা যাতে শরণার্থীদের সাহায্য করার জন্য বাড়তি কক্ষ ছেড়ে দেয়। এ ছাড়া, যুক্তরাজ্যে যেখানে কোনো দাবিতে এক লাখ সাক্ষর সংগৃহীত হলেই পার্লামেন্টে ওই প্রসঙ্গে বিতর্ক আয়োজন করতে হয়। সেখানে শরণার্থীদের আশ্রয় দেওয়ার দাবিতে চালু হওয়া একটি অনলাইন প্রচারাভিযানে সাক্ষর সংগ্রহ গত দুদিনে তিন লাখ ছাড়িয়ে গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিদিন হাজার হাজার শরণার্থী ইইউ সীমান্তে প্রবেশ করছে। গৃহযুদ্ধ আর পশ্চিমা দেশগুলোর বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া সিরিয়া, ইরাক, লিবিয়া এবং আফগানিস্তান থেকেই আশ্রয়ের খোঁজে এসব শরণার্থীরা আসছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী শুধু সিরিয়ায় বাস্তুহারা হয়েছে প্রায় ৪০ লাখ মানুষ। জার্মানি, ইতালি এবং গ্রিসের মতো দেশগুলো লাখ লাখ শরণার্থীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে। আর যুক্তরাজ্য শরণার্থী প্রবেশ ঠেকাতে কোটি কোটি পাউন্ড খরচ করে সীমান্তে পাহারা জোরদার করেছে। গত চার বছরে যুক্তরাজ্য মাত্র চার হাজার ৯৮০ জন সিরিয়ানকে আশ্রয় দিয়েছে। বিপরীতে ১৪৫ জন সিরিয়ান আশ্রয় প্রার্থীকে যুক্তরাজ্য থেকে বিতাড়ন করা হয়েছে। এ ছাড়া জাতিসংঘের সঙ্গে একটি সমঝোতার আওতায় ২১৬ জন সিরিয়ান নাগরিককে মানবিক সুরক্ষা দিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের অভিবাসন বিরোধী গোষ্ঠীগুলো এখনো শরণার্থীদের আশ্রয় না দেওয়া পক্ষে সরব রয়েছে।
কট্টর ডানপন্থী ইউকে ইন্ডিপেনডেন্ট পার্টির (ইউকিপ) নেতা নাইজেল ফারাজ আজ শুক্রবারও শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিরোধিতা করে বলেন, সাগর পথে শরণার্থী বোঝাই নৌকা আসতে না দিলেই আয়লান কুর্দীর মত শিশুর লাশ দেখতে হবে না। তিনি বলেন, ইইউতে শরণার্থী প্রবেশের উন্মুক্ত ব্যবস্থা গণভোটে যুক্তরাজ্যের ইইউ ত্যাগের যুক্তিকে আরও শক্তিশালী করবে।