চাপা পড়া পাকিস্তানি সেনাদের মৃত ঘোষণা করেছে কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহে তুষারধসে চাপা পড়া পাকিস্তানের ১২৯ জন সেনা ও ১১ জন বেসামরিক নাগরিককে গতকাল মঙ্গলবার মৃত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।গত ৭ এপ্রিল ভারত সীমান্তের কাছে বিরোধপূর্ণ কাশ্মীরের সিয়াচেন হিমবাহের গায়ারি সেনাশিবিরে ওই তুষারধসের ঘটনা ঘটে।পাকিস্তানের সামরিক বাহিনীর ওয়েবসাইটে বলা হয়, কাউকে আর খুঁজে না পাওয়ার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পরিবারগুলোর বেদনা লাঘবে তুষারধসে চাপা পড়া অবশিষ্ট সেনাদের ‘শহীদ’ হিসেবে ঘোষণা করা হয়েছে।প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে হওয়া ওই তুষারধসের ঘটনায় সাত সপ্তাহের বেশি সময় ধরে ব্যাপক উদ্ধার তৎপরতা চালানো হয়। এই তৎপরতায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দলও সহায়তা দিয়েছে। তবে হিমালয়ের প্রত্যন্ত সিয়াচেন হিমবাহ থেকে মাত্র তিনজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।তুষারধসের পর উত্তরাঞ্চলের পদাতিক বাহিনীর (নর্দার্ন লাইট ইনফেন্ট্রি) প্রধান কার্যালয়ে একটি সুড়ঙ্গ তৈরি করে চাপা পড়া সেনা ও বেসামরিক লোকদের উদ্ধারের চেষ্টা করা হয়।বিরোধপূর্ণ কাশ্মীর ইস্যুতে ১৯৮৪ সাল থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে ২০ হাজার ৮০০ ফুট উঁচু সিয়াচেন হিমবাহে হাজার হাজার পাকিস্তানি ও ভারতীয় সেনা মোতায়েন রয়েছে। এএফপি ও বিবিসি।