চাপে কোরীয় শিক্ষার্থীরা
দক্ষিণ কোরিয়ার শিক্ষাব্যবস্থা বিশ্বব্যাপী স্বীকৃত। উচ্চশিক্ষার জন্য বিশ্বের নামীদামি বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে-ছিটিয়ে আছে তাদের শিক্ষার্থীরা। মূলধারার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কঠোর নিয়মনীতি আর বাধ্যবাধকতার কারণেই কোরীয় শিক্ষাব্যবস্থার আজকের এই অনন্য উচ্চতা।কিন্তু মুদ্রার ও-পিঠটা আশঙ্কাজনক। কঠোর নিয়মনীতিতে হাঁপিয়ে উঠছে কোরীয় শিক্ষার্থীরা। বিদ্যমান শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মেলাতে পারছে না তারা। একটু স্বস্তির নিশ্বাস আর গৎবাঁধা জীবন থেকে মুক্তির জন্য মূলধারা থেকে বেরিয়ে আসতে চাইছে কোরীয় ছাত্রছাত্রীরা।আর এই সুযোগটাই লুফে নিয়েছেন বেসরকারি উদ্যোক্তারা। নিয়মনীতি শিথিল করে তাঁরা গড়ে তুলছেন বেসরকারি স্কুল। সাড়াও মিলছে অভূতপূর্ব। ছকবাঁধা জীবন থেকে মুক্তি পেতে মূলধারা থেকে বেরিয়ে আসছে শিক্ষার্থীরা। হাঁপ ছেড়ে বাঁচতে বেছে নিচ্ছে বেসরকারি স্কুল।সরকার বলেছে, তারা ছাত্রছাত্রীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে চায় না। শিক্ষার্থীদের পাঠ্যক্রমের বাইরের কর্মকাণ্ডের সঙ্গে বেশি করে সম্পৃক্ত করার পক্ষে তারা। কিন্তু বাস্তবে ছোট শিশুদেরও দিনে ১২ ঘণ্টার বেশি সময় লেখাপড়ার পেছনে ব্যয় করতে হয়।প্রাথমিক পড়াশোনা শেষে ৮০ শতাংশেরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষায় প্রবেশ করেন। কিন্তু সেখানে গিয়েও চাপ তো কমছেই না, বরং আরও বাড়ছে। অনেক শিক্ষার্থী বলছেন, ফলাফল ভালো করা, বিশ্ববিদ্যালয়গুলোতে অবস্থান ধরে রাখা এবং চাকরির জন্য তাঁদের সার্বক্ষণিক চাপের মধ্যে থাকতে হয়। এ কারণে অনেকেই শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় টিকতে পারছেন না। দেশটির তরুণ বেকারদের সংখ্যা এখন দ্বিগুণ। এমনকি শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরাও তাঁদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।সম্প্রতি সরকারি এক পরিসংখ্যানে দেখা গেছে, দক্ষিণ কোরিয়ার মূলধারার ৪০ শতাংশ শিক্ষার্থী বিদ্যমান ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই হার আরও বাড়ছে।সং-জি হাইস্কুল নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান বলেছে, বর্তমান ব্যবস্থার পরিবর্তন না হলে দিনে দিনে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বাড়বে। প্রতিষ্ঠানটির প্রধান কিম হান-টাই বলেন, ‘অনেক বেশি কঠোর আর কাঠামোবদ্ধ হওয়ার কারণে সরকারি শিক্ষা পশ্চাদ্গামী হচ্ছে।’কিম হান-টাই স্বীকার করেন, তাঁর প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা হয়তো অত ভালো নয়। কিন্তু স্কুলটি গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য পূরণ করছে। আর তা হলো, শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষার্থীদের খাপ খাওয়ানো এবং মূলধারার বাইরে মেধাবীদের তুলে আনা। বিবিসি