চাপে পড়বে নেতানিয়াহুর পররাষ্ট্রনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের সাধারণ নির্বাচনে প্রত্যাশিত আসনের চেয়েও কম আসনে জয় পেয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল ও জোট। তবে একক জোট হিসেবে সর্বোচ্চ আসন পাওয়ায় প্রেসিডেন্ট প্রথমে তাঁকেই সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। নেতানিয়াহু এবার সরকার গঠন করলেও তাঁর ইরান ও ফিলিস্তিন নীতি নিয়ে নতুন করে চাপে পড়বেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। নির্বাচনী প্রচারণায় নেতানিয়াহু ইরান ও ফিলিস্তিনের প্রতি আরও আগ্রাসী ভূমিকা নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু সেটা যে কাজে লাগেনি, নির্বাচনের ফলাফলে তা দেখা গেছে। ইসরায়েলি রাজনীতিতে এখন ইরান বা ফিলিস্তিন নীতির চেয়ে বাজেট ঘাটতি, তরুণদের জন্য কম দামে আবাসনের ব্যবস্থা ও সেনাবাহিনীতে ধর্মীয় শিক্ষার্থীদের নিয়োগ না দিতে প্রণীত খসড়া আইন নিয়ে বিতর্কের মতো অভ্যন্তরীণ ইস্যু প্রাধান্য পাচ্ছে।ইসরায়েলের এবারের নির্বাচনে ডানপন্থী ও মধ্য-বামপন্থী ব্লক সমান ৬০টি করে আসন পেয়ে বিরল ইতিহাসের জন্ম দিয়েছে। পার্লামেন্টের ১২০ আসনে দুই ব্লকের দলগুলো সমান আসন পাওয়ায় সরকার গঠন নিয়ে জটিল সমীকরণের সৃষ্টি হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে নেতানিয়াহুর সুবিধা হলো, তিনিই সর্বপ্রথম সরকার গঠনের আমন্ত্রণ পাবেন। আর ডানপন্থী উগ্র জাতীয়তাবাদী ও ধর্মীয় দলগুলো নিঃসন্দেহে তাঁকেই সমর্থন দেবে। তবে সংখ্যাগরিষ্ঠতা পেতে তাঁকে মধ্য-বামপন্থী ব্লকের কোনো দলের সমর্থন পেতেই হবে। এ ক্ষেত্রে নেতানিয়াহুর প্রথম পছন্দ হবে মধ্যপন্থী দল ইয়েস আতিদ। এবারের নির্বাচনে অসাধারণ সাফল্য পাওয়া এই দলটি ১৯টি আসনে জয় পেয়েছে। শক্তিশালী সরকার গঠনে এই দলটির সমর্থন চাইবেন তিনি। তবে ইয়েস আতিদের নেতা সাবেক টেলিভিশন উপস্থাপক ইয়ায়ির লাপিডের সঙ্গে নেতানিয়াহুর সঙ্গে ঐকমত্য হবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ অনেক ইস্যুতে তাঁদের অবস্থান এক নয়। নেতানিয়াহু যেকোনো মূল্যে ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। বিভিন্ন সময় নেতানিয়াহুর বক্তব্যে এমন ইঙ্গিতও এসেছে, প্রয়োজনে ইসরায়েল এককভাবে ইরানের ওপর হামলা চালাবে। কিন্তু ইয়েস আতিদের মতে, ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে বিরত রাখার দায়িত্ব ইসরায়েলের নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের। এটা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ই মাথা ঘামাবে।নির্বাচনের পর বিশ্লেষকেরা বলছেন, ইসরায়েলি জনগণ ইরানের ব্যাপারে একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইসরায়েলকে দেয়নি। হিব্রু ইউনিভার্সিটির অধ্যাপক গিডেওন রামাত বলেন, ‘এই নির্বাচন নেতানিয়াহুকে আরও দুর্বল করেছে। তিনি নিশ্চয়ই বুঝবেন, ইরান ইস্যুতে জনগণ তাঁকে আগ্রাসী অবস্থান থেকে সরে আসার বার্তা দিয়েছে।’মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার একসময়ের মার্কিন উপদেষ্টা অ্যারন ডেভিড মিলার বলেন, নির্বাচনের ফলাফলে ডানপন্থীদের দুর্বল হয়ে যাওয়া নেতানিয়াহুকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সম্পর্ক উন্নতি করতে উদ্বুদ্ধ করবে।ফিলিস্তিনি অধিকৃত ভূখণ্ডে ইহুদি বসতি সম্প্রসারণ প্রশ্নে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে নেতানিয়াহুর শীতল সম্পর্কের সূচনা হয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা সত্ত্বেও বসতি স্থাপন চালিয়ে যাচ্ছে ইসরায়েল।