চাপে লেবার পার্টি

২০১৫ সালের নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর লেবার পার্টির নেতৃত্ব থেকে বিদায় নেন এড মিলিব্যান্ড। এরপর দলীয় এমপিদের তীব্র বিরোধিতার মুখে সাধারণ সমর্থকদের বিপুল সমর্থন নিয়ে নেতা নির্বাচিত হন কট্টর বামপন্থী জেরেমি করবিন। এক বছরের মাথায় আবারও নেতৃত্বের লড়াইয়ে নামতে হয় তাঁকে। প্রথম থেকেই একদিকে মাঠকর্মীদের জোরালো সমর্থন, অন্যদিকে দলীয় এমপিদের বড় অংশের বিরূপ আচরণ মোকাবিলা করেই চলছে লেবার পার্টির নেতা করবিনের নেতৃত্ব। পরিস্থিতি এমন যে পরাজয় নিশ্চিত ধরে নিয়ে দলের অনেক এমপি আগাম নির্বাচনের তীব্র বিরোধিতা করছেন।
ইয়ান রাইট, প্যাট গ্লাস, গিজেলা স্টুয়ার্টসহ বেশ কয়েকজন এমপি হার নিশ্চিত ধরে নিয়ে ৮ জুনের নির্বাচনে অংশ নেবেন না বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন।
সর্বশেষ জরিপ বলছে, ক্ষমতাসীন কনজারভেটিভদের চেয়ে ১৭ শতাংশের ব্যবধানে পিছিয়ে লেবার পার্টি। কনজারভেটিভ দলের জনসমর্থন ৪৩ শতাংশ। লেবার দলের সমর্থন মাত্র ২৫ শতাংশ। অথচ ২০১৫ সালের নির্বাচনের আগে এ পার্থক্য ছিল শূন্য থেকে ৬ শতাংশের মধ্যে। বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে জরিপের ফল উল্টে যাওয়ার নজির আছে। কিন্তু ১৭ শতাংশের ব্যবধান হঠাৎ উল্টে যাবে মনে করা স্বাভাবিক নয়।
গত মঙ্গলবার সংসদীয় দলের সভায় করবিন বলেন, আগাম নির্বাচন যে দলের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে, তা অস্বীকার করার সুযোগ নেই। তবে লেবার পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত বলে তিনি দাবি করেন।
ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ব্রেক্সিটের পূর্ণাঙ্গ বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে প্রচারে নামবে। লিবারেল ডেমোক্র্যাটরা বলছেন, তাঁরা ব্রেক্সিট প্রশ্নে আবার গণভোট আয়োজনের প্রতিশ্রুতি দেবেন। কিন্তু লেবার পার্টি ব্রেক্সিট ইস্যুতে এখনো কোনো স্পষ্ট অবস্থান ঘোষণা করেনি। রক্ষণশীলদের ক্ষমতায় ফেরা ঠেকাতে গ্রিন পার্টি লেবার ও লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে জোটবদ্ধ হয়ে নির্বাচনে নামার আহ্বান জানিয়েছে।