চাপের মুখে এড মিলিব্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় প্রধান হিসেবে নিজের অবস্থান মজবুত করতে লড়াই করতে হচ্ছে ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ডকে। গতকাল রোববার প্রকাশিত এক জরিপের ফলাফলে দেখা গেছে, দলের সমর্থকেরাই তাঁর নেতৃত্ব নিয়ে হতাশ।সানডে টাইমস পত্রিকার জন্য জরিপটি চালিয়েছে ইউগভ। এতে দেখা যায়, লেবার পার্টির ভোটারদের মধ্যে অর্ধেকের বেশি জানেন না, তাঁদের নেতা আসলে কী করছেন। তাঁদের মধ্যে শতকরা ৪১ ভাগ ভোটার জানিয়েছেন, দলের নেতা হিসেবে মিলিব্যান্ডকে নির্বাচিত করা ছিল ভুল সিদ্ধান্ত। আর দুই-তৃতীয়াংশের বেশি মনে করে, বিরোধী দলের নেতা হিসেবে তিনি কার্যত কিছু করতে পারছেন না।গত বছর নির্বাচনে পরাজয়ের পর সেপ্টেম্বর মাসে গর্ডন ব্রাউনের কাছ থেকে দলের নেতৃত্ব নেন এড মিলিব্যান্ড। নিজের বড় ভাই সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ডকে হারিয়ে দলীয় প্রধানের পদটি নেন তিনি। দায়িত্ব নেওয়ার পর নয় মাস না যেতেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। কনজারভেটিভ-লিবারেল ডেমোক্র্যাট জোট সরকারের অনেক ব্যর্থতার মুখেও তিনি জোরালো কোনো অবস্থান নিতে পারছেন না বলে অভিযোগ সমালোচকদের।লেবার দলের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের আমলে উপপ্রধানমন্ত্রী ছিলেন জন প্রেসকট। দলীয় প্রধান হিসেবে এড মিলিব্যান্ডের বিষয়ে তিনি সানডে টাইমসকে বলেন, ‘তিনি সবে শুরু করেছেন, তার পরও শুরুটা তেমন ভালো হয়নি।’লেবার দলের সাবেক মন্ত্রী ডেভিড ব্লাঙ্কেট বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, এড মিলিব্যান্ড দলীয় প্রধানের দায়িত্ব নিয়েছেন মাত্র আট মাস। নিজেকে প্রতিষ্ঠিত করতে তাঁকে অন্তত দুটি বছর সময় দিতে হবে। তবে আগামী বছরটা তাঁর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।’তবে এড মিলিব্যান্ডের ওপর চাপ বাড়িয়ে দিয়েছে নতুন একটি বই। ডেইলি মেইল পত্রিকায় বইটি ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। এ বইতে দাবি করা হয়েছে, বড় ভাইকে হারিয়ে এড মিলিব্যান্ড দলীয় প্রধানের দায়িত্ব নেওয়ায় দুই ভাইয়ের মধ্যে তিক্ত সম্পর্কের সৃষ্টি হয়েছে।বইতে বলা হয়েছে, দলীয় প্রধান নির্বাচিত হওয়ার পর এড মিলিব্যান্ড বলেছিলেন তিনি আসলে একেবারে শেষ মুহূর্তে এসে ওই পদের জন্য লড়াইয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু ঘটনা আসলে তা নয়, ভাইকে হারানোর জন্য তিনি পেছন থেকে কয়েক বছর ধরে প্রস্তুতি নিয়েছিলেন।একপর্যায়ে মনে হয়েছিল, দুই ভাইয়ের এই প্রতিযোগিতায় দলে বড় ধরনের বিভক্তির সৃষ্টি হবে—যেমনটা হয়েছিল টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউনকে নিয়ে। তবে ছোট ভাই জিতে যাওয়ায় ডেভিড মিলিব্যান্ড সম্মুখভাগের রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন। দুই ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগিরা জানিয়েছেন, তাঁদের মধ্যে আসলে বড় ধরনের কোনো বিরোধ সৃষ্টি হয়নি। এএফপি।