চাপের মুখে পদত্যাগ রেবেকা ব্রুকসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফোনে আড়ি পাতার ঘটনায় জড়িত সদ্য বিলুপ্ত নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান নিউজ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহীর পদ থেকে গতকাল শুক্রবার পদত্যাগ করেছেন রেবেকা ব্রুকস। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, সংসদীয় তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে হাজির হওয়ার আগে পদত্যাগ করে রেবেকা ‘সঠিক সিদ্ধান্ত’ নিয়েছেন।লেবার পার্টির নেতা অ্যাড মিলিব্যান্ড বলেছেন, ‘এটা ঠিক যে রেবেকা ব্রুকস পদত্যাগ করেছেন। দায়িত্ব না নিয়ে কারোরই ক্ষমতার চর্চা করা উচিত নয়।’ কেলেঙ্কারি তদন্তে গঠিত সংসদীয় কমিটির প্রধান জন হুইটিংডেল বলেছেন, তাঁর বিশ্বাস, রেবেকার এই পদত্যাগ ‘অনিবার্য’ হয়ে উঠেছিল। তিনি বলেছেন, ‘অনেকে মনে করছেন, প্রত্যাশিত সময়ের অনেক আগেই তিনি সরে দাঁড়িয়েছেন।’মালিকপ্রতিষ্ঠান নিউজ করপোরেশনের স্বত্বাধিকারী রুপার্ট মারডক ও তাঁর ছেলে জেমস মারডক আগামী মঙ্গলবার যুক্তরাজ্যের সংসদীয় কমিটির সামনে হাজির হবেন বলে জানিয়েছেন।রেবেকা ব্রুকস গতকাল এক বিবৃতিতে বলেন, ফোনে আড়ি পাতার জন্য যাঁরা দুঃখ পেয়েছেন বা আহত হয়েছেন, তাঁদের প্রতি ‘গভীর দায়িত্ববোধ’ অনুভব করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। ৪৩ বছর বয়সী রেবেকা ২২ বছর ধরে নিউজ ইন্টারন্যাশনালে কাজ করেছেন।রেবেকা ব্রুকস ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর সম্পাদক ছিলেন। এ সময়কালে পত্রিকাটি নিহত মিলি ডাওলারের ফোনে আড়ি পেতেছিল বলে পরে প্রমাণিত হয়।ব্রুকস বলেন, বর্তমানে ফোন কেলেঙ্কারি নিয়ে যেভাবে পরিস্থিতি বিগড়ে গেছে, তাতে তিনি পদত্যাগ করাকে দায়িত্ব বলে মনে করেছেন।নিউজ করপোরেশনের ইতালীয় সম্প্রচার শাখার প্রধান টম মকরিজ রেবেকা ব্রুকসের স্থলাভিষিক্ত হচ্ছেন বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।এফবিআইয়ের তদন্ত: মারডকের নিউজ করপোরেশন নাইন-ইলেভেন সন্ত্রাসী হামলার শিকার হওয়া ব্যক্তিদের ফোনে আড়ি পেতেছিল বলে যে অভিযোগ উঠেছে, তা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত করতে যাচ্ছে। বিবিসি ও এএফপি।