চাপের মুখে পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার রাজনীতিতে টানা ১২ বছর দাপটের সঙ্গে ক্ষমতায় থাকার পর এই প্রথমবারের মতো বড় ধরনের চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। গত সপ্তাহে পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনে তাঁর দলের আশানুরূপ ফল করতে না পারা এবং এরপর গত রোববার দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ তাঁর চাপ অনেক বাড়িয়ে দিয়েছে।গত দুই দশকের মধ্যে গত শনিবার সবচেয়ে বড় বিক্ষোভ হয় রাজধানী মস্কোসহ দেশের বিভিন্ন অঞ্চলের ছোট-বড় অধিকাংশ শহরে। মস্কোয় ক্রেমলিনের কাছাকাছি অনুষ্ঠিত বিক্ষোভেই যোগ দেয় ৫০ হাজারের বেশি মানুষ। তারা স্লোগান দেয়, ‘পুতিনবিহীন রাশিয়া চাই’। একই সঙ্গে ৪ ডিসেম্বরের নির্বাচনে তাঁর দল ইউনাইটেড রাশিয়ার প্রত্যাশার চেয়ে খারাপ ফল নিয়ে নিন্দা করে বিক্ষোভকারীরা।গত শতকের নব্বইয়ের দশকের টালমাটাল দিনগুলোতে যে মস্কো থেকে পুতিন ‘নিয়ন্ত্রিত গণতান্ত্রিক’ ব্যবস্থার জন্ম দিয়ে দেশজুড়ে বড় নেতায় পরিণত হয়েছিলেন, সেই শহরে তাঁর বিরুদ্ধে এই গণ-অসন্তোষ নজিরবিহীন।এমন বিক্ষোভের পরও প্রধানমন্ত্রী পুতিন গণমাধ্যমের নাগালের বাইরে আছেন। তবে তাঁর মুখপাত্র ‘সতর্কিত শব্দের’ এক বিবৃতিতে গণতন্ত্রপন্থীদের শনিবারের বিক্ষোভকে সমাজের একটি অংশের বিক্ষোভ বলে অভিহিত করেছেন, যারা পুরো দেশের প্রতিনিধিত্ব করে না।বিবৃতিতে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘বিক্ষোভকারীদের দৃষ্টিভঙ্গির প্রতি আমাদের সম্মান আছে। তাঁরা কী বলছেন, তা আমরা শুনছি এবং ভবিষ্যতেও শুনব।’আগামী মার্চে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে আবার ক্রেমলিনের ক্ষমতায় ফিরে আসার চেষ্টা করছেন ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত দুবারের প্রেসিডেন্ট পুতিন। কিন্তু এর আগে দুমার নির্বাচনে পুতিনের দলের জনপ্রিয়তা হ্রাস তাঁর জন্য উদ্বেগের বিষয় হয়ে দেখা দিয়েছে। এবার তারা ভোট পেয়েছে ৫০ শতাংশের কাছাকাছি, যেখানে ২০০৭ সালে পেয়েছিল ৬৪ শতাংশের ওপর।গত রোববার মস্কোর বিক্ষোভে যোগ দেওয়া আন্না বেখমেন্তভ বলেন, ‘কিছু পরিবর্তনে আমাদের জন্য এটাই সুযোগ। ইউনাইটেড রাশিয়াকে ভোট দিয়েছে এমন একজনকেও আমি চিনি না।’ এ সময় অন্যরা স্লোগান দিচ্ছিল, ‘পুলিশি রাষ্ট্রকে না বলুন’।২৬ বছর বয়সী আইনজীবী ইয়েলিজাভেতা দেরেনকভস্কিয়া বলেন, ‘প্রশাসনের লোকজনের হাবভাব এমন যে তাঁরা চাইলে সবকিছু করতে পারেন। এ জন্য এই ব্যবস্থা পরিবর্তনের জন্য যারা আন্দোলনে নেমেছে, তাদের প্রতি সমর্থন জানাতে আমি বিক্ষোভে এসেছি।’সেন্ট পিটার্সবার্গে ২৩ বছর বয়সী বিক্ষোভকারী ইলিয়া সারমাবারোভ বলেন, ‘কিছু পরিবর্তনে আমাদের জন্য সম্ভবত এটাই শেষ সুযোগ।’ এএফপি।