চাবি ১২ কোটি তরুণ ভোটারের হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেবেন প্রায় ১২ কোটি তরুণ। এর আগে ২০০৯ সালের নির্বাচনে কোনো দলই এককভাবে ১২ কোটির বেশি ভোট পায়নি। এ ঘটনাই প্রমাণ করে, প্রথমবারের মতো ভোটাধিকার পাওয়া এই তরুণেরা এবারের নির্বাচনের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
২০০৯ সালের নির্বাচনে বর্তমানের ক্ষমতাসীন দল কংগ্রেস ১১ কোটি ৯০ লাখ, প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সাত কোটি ৮০ লাখ, বহুজন সমাজ পার্টি (বিএসপি) দুই কোটি ৬০ লাখ এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-সিপিএম) দুই কোটি ২০ লাখ ভোট পেয়েছিল। এর বাইরে কোনো দলই এক কোটি ভোট পায়নি।
আগামী লোকসভা নির্বাচনের জন্য ভারতের বিভিন্ন রাজ্য যে ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, এবার দেশজুড়ে মোট বৈধ ভোটারের সংখ্যা হবে প্রায় ৭৯ কোটি। প্রথমবারের মতো ভোটাধিকার পাওয়া তরুণের সংখ্যা উত্তর প্রদেশে সবচেয়ে বেশি। রাজ্যের ১৮ বছর বয়স পূর্ণ হওয়া দুই কোটি ৩০ লাখ তরুণ (মোট ভোটারের ১৭ দশমিক ৬ শতাংশ) এবার ভোটাধিকার পাচ্ছেন। রাজ্যের মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৯০ লাখ। এর পরই রয়েছে মহারাষ্ট্রের অবস্থান। রাজ্যটিতে ভোটাধিকার পাচ্ছেন এক কোটি পাঁচ লাখ তরুণ, যা মোট ভোটারের ১৩ দশমিক ২ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা বিহার রাজ্যে ৯৪ লাখ ৩০ হাজার তরুণ এবার ভোটাধিকার পাচ্ছেন। পশ্চিমবঙ্গে এ সংখ্যা ৯০ লাখ।
সম্প্রতি প্রকাশিত আদমশুমারিতে এই তথ্য পাওয়া গেছে। আদমশুমারিটি পরিচালিত হয় ২০১১ সালে। তখন যাঁদের বয়স ১৫ থেকে ১৯ বছরের মধ্যে ছিল, তাঁরা এবারের লোকসভা নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার পাচ্ছেন। ২০০৯ সালের নির্বাচনের সময় তাঁদের কারোরই ভোটাধিকার ছিল না।
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ডিসেম্বরে: ভারতের পাঁচ রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, মিজোরাম ও দিল্লির বিধানসভা নির্বাচনের সময়সূচি দেশটির নির্বাচন কমিশনের গতকাল শুক্রবার ঘোষণা করার কথা। সূত্র জানিয়েছে, এই পাঁচ রাজ্যের নির্বাচন আগামী নভেম্বর মাসের দ্বিতীয়ার্ধে শুরু হয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। গুরুত্বপূর্ণ এ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে আগামী লোকসভা নির্বাচনের আগে ‘সেমিফাইনাল পর্ব’ হিসেবে দেখা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।