চাভেজ অসম্পূর্ণ বিপ্লবের নায়ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেলের খনির ওপর দাঁড়িয়ে দেশকে দারিদ্র্য থেকে টেনে তুলে বিপ্লব ঘটিয়েছেন তিনি। কিন্তু পারেননি নিশ্চিত করতে অনেকের মাথা গোঁজার ঠাঁই। পারেননি ঘন ঘন বিদ্যুতের যাওয়া-আসা ঠেকাতে, কিংবা অব্যাহতভাবে চলা সহিংসতার লাগাম টেনে ধরতে। এ কারণেই তাঁকে এক অসম্পূর্ণ বিপ্লবের নায়ক বলে মনে করেন অনেকে।অসম্পূর্ণ এই বিপ্লবের নায়ক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ। আগামী রোববার দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। আরও ছয় বছরের জন্য দেশ শাসনে জনগণের রায় নিতে এ প্রতিদ্বন্দ্বিতায় লড়ছেন তিনি। ১৪ বছর ধরে তিনি ক্ষমতায় রয়েছেন। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী হেনরিক ক্যাপরিলস ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, বামপন্থী নেতা চাভেজ তাঁদের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছেন।চাভেজ গত শনিবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেন, কিছু পরিকল্পনা বাস্তবায়নে, বিশেষত সেবা খাতে তিনি ত্রুটি করেছেন। এদিকে ক্যাপরিলসও এ বিষয়কে পুঁজি করে তাঁর বিরুদ্ধে সমালোচনার তির ছুড়ছেন। তাঁর অভিযোগ, দেশের ক্ষয়িষ্ণুপ্রায় অবকাঠামো, নিত্যদিনের লোডশেডিং ও জনজীবনের নিরাপত্তা নিয়ে।চাভেজ বলেন, ‘সরকারের পক্ষে সবদিকে মনোযোগ দেওয়া সম্ভব নয়। উদাহরণ হিসেবে দেশের জঞ্জাল কুড়িয়ে সেগুলো অপসারণে আমি নজর দিতে পারিনি। আমাদের প্রয়োজন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক দক্ষতা।’তবে গত সপ্তাহে এক নির্বাচনী প্রচারণায় তিনি সতর্ক করে বলেন, এই নির্বাচন লোডশেডিংয়ের মতো সমস্যা দূর করার নির্বাচন নয়। বরং খাবারের সহজলভ্যতা, স্বাস্থ্যসেবা ও দরিদ্র মানুষের শিক্ষার সুযোগ নিশ্চিত করার মতো জনপ্রিয় সামাজিক ‘কর্মসূচি’ বাঁচিয়ে রাখতেই এ নির্বাচন।ক্যাপরিলস চাভেজের বিরুদ্ধে দেশের তেলসম্পদের বেহিসাবি খরচেরও অভিযোগ করেন। তিনি বলেন, বিশ্বের অপরিশোধিত জ্বালানি তেলের সর্ববৃহৎ মজুদ রয়েছে ভেনেজুয়েলায়। অন্য দেশের নানা প্রকল্পে এখান থেকে অর্থের জোগান দেওয়া হয়। অথচ অনেক ভেনেজুয়েলাবাসীই যথাযথ আবাসনসুবিধা থেকে বঞ্চিত।পরিসংখ্যানে দেখা যায়, চাভেজ ১৯৯৯ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর ভেনেজুয়েলায় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সূচকগুলো ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। নিজস্ব তেলের বাজারমূল্য বেড়ে যাওয়াও তা এ ক্ষেত্রে ভূমিকা রাখে। চাভেজ যখন ক্ষমতা নেন, তখন এই তেলের মূল্য ছিল ব্যারেলপ্রতি ১৭ ডলার। এখন তা বেড়ে ১২০ ডলারে দাঁড়িয়েছে। তাঁর ক্ষমতার প্রথম বছর দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির পরিমাণ ছিল নয় হাজার ১০০ কোটি (৯১ বিলিয়ন) ডলার। গত বছর সেটি বেড়ে হয় ৩২ হাজার ৮০০ কোটি (৩২৮ বিলিয়ন) ডলার।এর পাশাপাশি তাঁর শাসনামলে অশিক্ষা, শিশুমৃত্যু ও বেকারত্বের হার যেমন কমেছে, তেমনি বেড়েছে জনগণের গড় আয়ুও। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলায় দারিদ্র্যের হার ১৯৯৯ সালে ৪৯ দশমিক ৪ শতাংশ থেকে কমে ২০১০ সালে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৮ শতাংশে।এ জন্যই হয়তো ঠিক মন্তব্যটিই করেছেন চাভেজের অন্যতম জীবনীকার আলবার্তো বারেরা। তিনি বলেন, ‘ভেনেজুয়েলাকে চাভেজ এমন কিছু দিয়েছেন, যা কেউ চিন্তাও করতে পারবেন না।’ কিন্তু এসব সত্ত্বেও দেশের কৃষি উৎপাদন তেমন বাড়েনি। নিশ্চিত হয়নি মানুষের বাসস্থান। গত বছর দেশের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৬ ভাগে। আর এসব সাফল্য-ব্যর্থতা নিয়েই ৭ অক্টোবর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন হুগো চাভেজ। এএফপি।